নেত্রকোনার মোহনগঞ্জে মাকে হত্যার দায়ে ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (২২ জুলাই) জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল হাসেম এ তথ্য নিশ্চিত করে বলেন, দণ্ডিত সাগর মাদকাসক্ত ছিলেন। মাদক সেবন নিয়ে প্রায়ই তার সঙ্গে মা মনোয়ারা বেগমের ঝগড়া হতো। ২০২২ সালের ২৪ অক্টোবর মা-ছেলের মধ্যে কথাকাটাকাটি হয়। ওই দিন বিকেলে ঘরের ভেতর প্লাস্টিকের দড়ি দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধে মাকে হত্যা করেন সাগর।
এ ঘটনায় মনোয়ারার ভাই ইউনুস মিয়া বাদী হয়ে মোবারক হোসেন সাগরকে আসামি করে মোহনগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
পিপি আবুল হাসেম আরও জানান, মামলাটিতে আদালতে ১০ জন সাক্ষী তাদের সাক্ষ্য দেন। সাক্ষ্য ও শুনানি শেষে আদালত আজ রায় ঘোষণা করেন।
খবরওয়ালা/শরিফ



