খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 2শে ভাদ্র ১৪৩২ | ১৭ই আগস্ট ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ স্থাপনের প্রকল্প অনুমোদন দিয়েছে। তবে শর্ত দেওয়া হয়েছে—অবকাঠামো উন্নয়নের কাজ শুরু করতে হলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিতে হবে। পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের আপত্তির কারণে এই শর্ত আরোপ করা হয়েছে।
রবিবার (১৭ আগস্ট) পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, ৫১৯ কোটি টাকা ব্যয়ে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের এই প্রকল্প ২০২৫ সালের মে থেকে ২০২৯ সালের এপ্রিল পর্যন্ত বাস্তবায়িত হবে। শাহজাদপুরের বুড়ি পোতাজিয়ায় ১০০ একর জমিতে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। গত মে মাসে প্রকল্পটি প্রথম একনেকে তোলা হলেও পর্যালোচনার জন্য ফেরত পাঠানো হয়েছিল।
পরিবেশবিদ ও পানি বিশেষজ্ঞরা অভিযোগ করেছেন, প্রকল্প এলাকা চলনবিলের শেষ অংশে অবস্থিত, যেখানে শতাধিক খাল, বিল, বড়াল নদী এবং অর্ধশতাধিক নদীর পানি মিলিত হয়। সেখানে বিশ্ববিদ্যালয় নির্মাণ হলে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, প্রকল্প এলাকাটি আগে চারণভূমি ছিল। ২০১৮ সালে ভূমি মন্ত্রণালয় এটিকে অকৃষি জমি হিসেবে ছাড়পত্র দেয় এবং ভূমি অধিগ্রহণে অনাপত্তি সনদ দেয়। তখনই পরিবেশ মন্ত্রণালয়ের ছাড়পত্র নেওয়ার শর্ত দেওয়া হয়েছিল। এখন সেই শর্ত মেনেই প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। তিনি আরও জানান, পরিবেশবিদদের উদ্বেগের বিষয়টি পরিবেশ মন্ত্রণালয় যাচাই করবে।
একনেক বৈঠক সূত্র জানিয়েছে, প্রকল্পটি বৈঠকের তালিকায় চতুর্থ ছিল। পরিবেশ ও পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এতে আপত্তি জানান এবং দীর্ঘ আলোচনা হয়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়—দুই মাসের মধ্যে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়ার শর্তে প্রকল্পটি পাস হবে।
একনেক সভায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন। এতে মোট ১১টি প্রকল্প অনুমোদন পায়।
খবরওয়ালা/এন