বান্দরবান জেলা শহরে ছিনতাইয়ের অভিযোগে জেলা পরিসংখ্যান কার্যালয়ের গাড়িচালক শাহাদাত হোসেন ওরফে সাজু (৪৫)–কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৭ আগস্ট) ভোরে কক্সবাজারের চকরিয়ার খুটাখালী নতুনপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
বেলা একটায় পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার জানান, তিন দিন আগে বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এলাকায় এক ব্যবসায়ী ছিনতাইয়ের শিকার হন। সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন সূত্রের তথ্যের ভিত্তিতে শাহাদাতকে শনাক্ত করা হয়। অভিযানে তাঁর কাছ থেকে ছিনতাই হওয়া ২ লাখ ৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, শাহাদাতের বাড়ি বান্দরবান শহরের ইসলামপুরে হলেও তিনি আগে চকরিয়ায় বসবাস করতেন। জেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. শাহাজান বলেন, শাহাদাত আউটসোর্সিংয়ের মাধ্যমে দপ্তরের গাড়িচালক হিসেবে কাজ করেন এবং তাঁর নিয়োগ করা কোম্পানি থেকে দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ার অভিযোগ জানিয়ে আসছিলেন। তবে ছিনতাইয়ের ঘটনায় তাঁর গ্রেপ্তারের বিষয়টি দপ্তর অবগত নয়।
পুলিশ সূত্রের তথ্য অনুযায়ী, গত বুধবার রাত ১১টার দিকে ব্যবসায়ী নিখিল কান্তি দাশ বাসায় ফেরার পথে উপজেলা পরিষদ কার্যালয় এলাকার প্রধান সড়কে ছিনতাইয়ের শিকার হন। তাঁর কাছ থেকে ২ লাখ ১৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। ঘটনার পর তিনি থানায় মামলা করলে পুলিশ তদন্ত শুরু করে এবং শাহাদাতকে গ্রেপ্তার করে।
খবরওয়ালা/এন



