পাচারের পথে নারী-শিশুসহ ৬৬ জনকে বাঁচাল যৌথ বাহিনী

কক্সবাজারের টেকনাফে মালয়েশিয়ায় পাচারের জন্য জড়ো করা ৬৬ জনকে যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ৪৪ জনই নারী ও শিশু।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চালানো এই অভিযানে উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার গভীর পাহাড় থেকে তাদের উদ্ধার করা হয়।

কোস্টগার্ড জানিয়েছে, উদ্ধার হওয়া ৬৬ জনের অধিকাংশই রোহিঙ্গা নাগরিক। একটি সংঘবদ্ধ দালাল চক্রের সহায়তায় পাচারকারীরা তাদের পাহাড়ের ভেতরের একটি গোপন আস্তানায় জড়ো করেছিল। তাদের মধ্যে কাউকে মালয়েশিয়ায় ভালো জীবনের লোভ দেখিয়ে, আবার কাউকে অপহরণ করে সেখানে আনা হয়েছিল। অপহরণ করে আনা ব্যক্তিদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের চেষ্টা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড ও নৌবাহিনীর একটি যৌথ দল ওই আস্তানায় অভিযান চালায়। এ সময় ৬৬ জনকে উদ্ধার করা সম্ভব হলেও পাচারকারী চক্রের ১৫ থেকে ২০ জন সদস্য পালিয়ে যায়।

কোস্টগার্ড সদর দফতরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, ‘পাচারকারী চক্রের সদস্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। উদ্ধার হওয়া ৬৬ জনের পরিচয় যাচাই করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় টেকনাফ থানায় একটি মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

তবে, আজ শুক্রবার দুপুরে কোস্টগার্ড টেকনাফ স্টেশন কার্যালয়ে এ বিষয়ে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য গণমাধ্যমকর্মীদের সামনে তুলে ধরা হবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, চলতি বছরে এখন পর্যন্ত টেকনাফে ৬২ জন মানবপাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৭৭ জনকে উদ্ধার করা হয়েছে। শীতের সময় মানবপাচারের ঘটনা বেশি ঘটে থাকে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।