পাবনার ঈশ্বরদীতে ৮ কুকুরছানা হত্যা: অভিযুক্ত সরকারি কর্মকর্তার স্ত্রী গ্রেপ্তার

পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুরছানাকে বস্তায় ভরে পুকুরে ফেলে হত্যার ঘটনায় নিশি রহমানকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন ঈশ্বরদী থানায় মামলাটি করেন। থানার ওসি আ স ম আব্দুন নূর বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, প্রাণী কল্যাণ আইন–২০১৯ এর ৭ ধারায় মামলা হয়েছে। মামলার একমাত্র আসামি নিশি রহমান, যিনি ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, মামলার পর রাতেই নিশি রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ঈশ্বরদী পৌর সদরের রহিমপুর গার্লস স্কুলের পাশে এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। আইনি প্রক্রিয়া শেষে তাকে বুধবার আদালতে পাঠানো হবে।

প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বলেন, ‘ঘটনাটি সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। এ ধরনের অমানবিক কাজ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। প্রাণী হত্যায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।’

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান জানান, অভিযুক্ত নারীর স্বামী এবং ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নকে সোমবার গেজেটেড কোয়ার্টার ছাড়তে লিখিত নির্দেশ দেয়া হয়েছিল। তারা মঙ্গলবার বিকেলে কোয়ার্টার খালি করেন।

এক সপ্তাহ আগে ইউএনওর বাসভবনের কোণে আশ্রয় নেওয়া মা কুকুর ‘টম’ আটটি বাচ্চা প্রসব করে। সোমবার সকালে বাচ্চাগুলো না পেয়ে ছুটোছুটি করতে দেখা যায়। পরে উপজেলা পরিষদের কর্মচারীরা জানতে পারেন, নিশি রহমান রোববার রাতের কোনো এক সময়ে বস্তায় ভরে কুকুরছানাগুলোকে পুকুরে ফেলে দেন। সোমবার সকালে মরদেহগুলো পাওয়া যায় এবং দুপুরে ইউএনওর বাসভবনের পাশে মাটি চাপা দেয়া হয়।

 

খবরওয়ালা /এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।