খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: 3শে ভাদ্র ১৪৩২ | ১৮ই আগস্ট ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় স্থানীয় বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের নির্যাতনে মকবুল হোসেন মুকুল (৫৫) নামের এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার (১৬ আগস্ট) বিকেলে উপজেলার জিয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মকবুল হোসেন মুকুল- মর্তুজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
এ বিষয়ে জিয়ানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান বলেন, ‘শনিবার আসরের নামাজের সময় ওই ঘটনা ঘটে। বিষয়টির স্থানীয়ভাবে মীমাংসা করা হলে পরে তার মৃত্যু হয়।’
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, এ ধরনের একটি ঘটনার কথা তিনি জেনেছেন। কিন্তু থানায় কেউ অভিযোগ করেননি।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে শিক্ষক মকবুল হোসেন মুকুলের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় ধান মাড়াইয়ের কল থেকে খড়কুটা উড়ে গিয়ে রেদোয়ান হোসেন নামে এক মোটরসাইকেল আরোহীর চোখে পড়ে। এ নিয়ে শিক্ষক মুকুল ও তার স্বজনদের সঙ্গে রেদোয়ানের কথা-কাটাকাটি এবং হাতাহাতি হয়।
দুপচাঁচিয়া থানা-পুলিশ জানায়, ধানের খড়কুটা চোখে পড়ার ঘটনাকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনায় দুপচাঁচিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন রেদোয়ান হোসেন। পুলিশ তা তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করে।
এলাকাবাসী জানান, শিক্ষক মুকুল বিষয়টির মীমাংসা করে দিতে স্থানীয় বিএনপি নেতাদের কাছে যান। কিছু টাকাও তিনি খরচ করেন। কিন্তু কোনো কাজ না হওয়ায় এ নিয়ে শনিবার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে মানসিক চাপ দিতে থাকেন মিজানের সঙ্গে থাকা দলীয় নেতা-কর্মীরা। এ সময় একজন মকবুল হোসেন মুকুলের বুকে আঘাত করেন। সঙ্গে সঙ্গে তিনি অজ্ঞান হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
খবরওয়ালা/এমইউ