বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ করে যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার অভিযোগে পৌর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রিফাত জাহানকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) তাকে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় পৌর শহরের কালীবাড়ি রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পৌর শহরের চরহোসেনপুর শিমুলতলী এলাকায় নিজ বাসায় স্থানীয় অসহায় দুঃস্থ মানুষের মাঝে খাবার বিতরণের আয়োজন করেন রিফাত জাহান। পরে ওই কর্মসূচির ছবি ও ভিডিও নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করেন তিনি।

পুলিশের অভিযোগ, এসব পোস্টের মাধ্যমে আওয়ামী লীগের পক্ষে প্রচারণা চালানো এবং জন সাধারণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। ফেসবুক পোস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিভিন্ন বক্তব্যের পাশাপাশি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়েও মন্তব্য করেন রিফাত জাহান।

তার ফেসবুক পোস্টে তিনি লিখেন, “ওরা ভেবেছিল, তোমাকে হত্যা করলেই হয়ে যাবে সব শেষ, ওরা বুঝতে পারেনি, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ।” আজকের এই আয়োজন তোমার জন্য (বঙ্গবন্ধু) আল্লাহপাক আপনাকে আর আপনার পরিবারকে যেন বেহেস্ত নসিব করেন আমিন। এবং আমাদের মাঝে তোমার কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে দিন। সে যেন দেশটাকে আবার নতুন করে স্বাধীন করতে পারে এবং রাজাকারমুক্ত করতে পারেন।

স্থানীয়ভাবে ওই পোস্ট ছড়িয়ে পড়ার পর বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে বলে জানিয়েছে পুলিশ।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগে রিফাত জাহানকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Tags :

ratul Khaborwala

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর