বার্সার আপিল বাতিল, এল ক্লাসিকোতে থাকছেন না ফ্লিক

মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে প্রধান কোচ হান্সি ফ্লিককে ছাড়াই মাঠে নামতে হবে বার্সেলোনাকে। আগামীকাল রিয়াল মাদ্রিদের বিপক্ষে ডাগ-আউটে দেখা যাবে না কাতালান ক্লাবটির এই জার্মান কোচকে।

গত সপ্তাহে লা লিগায় জিরোনার বিপক্ষে ম্যাচে দুইবার হলুদ কার্ড দেখায় মাঠ ছাড়তে হয় ফ্লিককে। এর ফলে পরের ম্যাচে নিষিদ্ধ হন তিনি। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছিল বার্সেলোনা, তবে ডিসিপ্লিনারি কমিটি তা বহাল রেখেছে এবং এক ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলেই জানায়।

পরবর্তীতে ক্লাবটি আবারও আপিল করলেও, অ্যাপিলস কমিটি সেই আবেদনও নাকচ করে দেয়। ফলে এল ক্লাসিকোতে দর্শক হিসেবেই থাকতে হবে ফ্লিককে। তার অনুপস্থিতিতে সহকারী কোচ মার্কাস সর্গকে দায়িত্বে দেখা যেতে পারে। গত মৌসুমে লেগানেস ও আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে দু’টি ম্যাচে তিনিই দলের দায়িত্ব নিয়েছিলেন।

তবে বার্সার জন্য চিন্তার বিষয় হলো, সর্গের অধীনে খেলা উভয় ম্যাচেই দলটি পরাজিত হয়েছিল। ঘরের মাঠে লেগানেসের কাছে ০-১ ব্যবধানে হারার পর আতলেতিকোর বিপক্ষে ১-২ গোলে হারে তারা। ফলে সান্তিয়াগো বার্নাব্যুতে ফ্লিকের অনুপস্থিতি কিছুটা সুবিধা এনে দিতে পারে জাবি আলোনসোর রিয়াল মাদ্রিদকে।

তবে সাম্প্রতিক পরিসংখ্যান বার্সার পক্ষে। শেষ চারটি এল ক্লাসিকোতেই জয় পেয়েছে কাতালানরা। গত মৌসুমে প্রতিবারই রিয়ালকে হারিয়ে মাঠ ছেড়েছেন লামিনে ইয়ামাল ও রাফিনিয়ারা। এবার দেখা যাক, আলোনসোর নতুন রিয়াল কি না পারে বার্সার টানা পাঁচ জয় থামাতে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।