ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরের একটি বিউটি পার্লার থেকে ১০ লাখ ১৮ হাজার টাকার জাল নোট, একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে আদালত পুকুরপাড়ে অবস্থিত ‘বউ সাজ বিউটি পার্লার’ থেকে এসব মালামাল জব্দ করা হয়।
ঘটনার পর পার্লারে কর্মরত তিন নারীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
পার্লারের এক কর্মী সাথী জানান, বিকেল ৪টার দিকে এক অজ্ঞাতপরিচয় নারী ফেস ওয়াশ করানোর জন্য একটি ব্যাগ হাতে নিয়ে আসেন। কিছুক্ষণ পর মোবাইল ফোনে কথা বলার জন্য বাইরে বেরিয়ে যান তিনি। তবে আর ফিরে আসেননি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি তল্লাশি করে ১ হাজার টাকার ১০ বান্ডিল (মোট ১০ লাখ টাকা), খুচরা ১৮ হাজার টাকা, তিন রাউন্ড গুলি ও একটি পিস্তল উদ্ধার করে।
খবর পেয়ে নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক এবং নবীনগর থানার ওসি শাহীনূর ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি শাহীনূর ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে জাল টাকা ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। যেহেতু এসব মালামাল একটি পার্লার থেকে উদ্ধার করা হয়েছে, তাই পার্লারের কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’ আটক তিন নারী কর্মীর বিষয়ে যাচাই-বাছাই শেষে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।
খবরওয়ালা/এন



