বরিশালের মুলাদী উপজেলায় বিএনপির একটি ওয়ার্ড কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। অন্য একটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকায় সেটি উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কাজিরচর ইউনিয়নের চরকমিশনার গ্রামের বাদামতলা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে কাজিরচর ইউনিয়ন বিএনপির নেতা মো. কামাল সরদার বাদামতলা এলাকায় ওয়ার্ড বিএনপির কার্যালয়টি উদ্বোধন করেন। তিনি ওই ইউনিয়নে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবেও পরিচিত। শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা কার্যালয়ের সামনে দুই থেকে তিনটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়। অন্য একটি অবিস্ফোরিত অবস্থায় ঘটনাস্থলে পড়ে থাকে।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিএনপি কার্যালয়কে লক্ষ্য করে এ ধরনের বিস্ফোরক নিক্ষেপের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে।
কাজিরচর ইউনিয়ন বিএনপি নেতা মো. কামাল সরদার বলেন, রাতের আঁধারে দুর্বৃত্তরা আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ করেছে। কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা খুঁজে বের করতে সুষ্ঠু তদন্তের দাবি জানান তিনি। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
চরকমিশনার গ্রামের বাসিন্দা আনিচুর রহমান ঘরামী জানান, শনিবার রাত দেড়টার দিকে ওই এলাকা দিয়ে একটি মোটরসাইকেল যেতে দেখেছিলেন তিনি। এর কিছুক্ষণ পরই বিস্ফোরণের শব্দ শুনতে পান। তবে মোটরসাইকেলটির সঙ্গে ককটেল নিক্ষেপের ঘটনার কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু জানাননি।
রোববার সকাল ১০টার দিকে মুলাদী থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদুর রহমান ও ফরিদ উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা পড়ে থাকা অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করেন। পরে সেটি থানায় নিয়ে নিষ্ক্রিয় করা হয়।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বলেন, বাদামতলা এলাকায় ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে থানায় নিষ্ক্রিয় করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, কী উদ্দেশ্যে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ করা হয়েছে কিংবা এর পেছনে কোনো রাজনৈতিক বিরোধ রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করার কথা জানিয়েছে।


