বিদ্যালয়ে ছুটি নিয়ে নতুন চিন্তাভাবনা 

খবরওয়ালা ডেস্ক ॥ দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একেক অঞ্চলে একেক সময়ে স্কুলে ছুটি নির্ধারণ করার কথা ভাবছে সরকার। ইতিমধ্যে সারা দেশে একযোগে শীতকালীন কিংবা গ্রীষ্মকালীন ছুটি দেয়ার যে নিয়ম প্রচলিত আছে, তা পরিবর্তনের জন্য আলোচনাও হচ্ছে। গত বৃহস্পতিবার রাজধানীর গুলশানের এক হোটেলে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে এসব তথ্য জানান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম। প্ল্যান ইন্টারন্যাশনাল জাপানের অর্থায়নে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) বাস্তবায়নাধীন জেন্ডার রেসপনসিভ স্কুল অ্যান্ড কমিউনিটি সেফটি ইনিশিয়েটিভস (জিআরএসসিএসআই) প্রকল্পের জাতীয় পর্যায়ের লার্নিং শেয়ারিং বিষয়ক এ কর্মশালার আয়োজন করা হয়। মো. ফরহাদুল ইসলাম বলেন, সারা দেশে এখন একই সময়ে শীতকালীন কিংবা গ্রীষ্মকালীন ছুটি দেয়া হয়। এটি পরিবর্তনের বিষয়ে আলোচনা হচ্ছে। এনসিটিবির চেয়ারম্যান বলেন, প্রয়োজন অনুযায়ী যদি কয়েকটি এলাকায় শীতকালীন ছুটির সময় পরিবর্তন হয়, তাহলে উত্তরবঙ্গসহ বেশ কয়েকটি এলাকায় সঠিক সময়ে বন্ধ পাবে শিক্ষার্থীরা। এছাড়া গ্রীষ্মকালীন এবং বন্যাপ্রবণ এলাকায় বন্যার সময় ছুটি পাবে। এ বিষয়ে শিগগিরই রূপরেখা আসবে। ইএসডিওর নির্বাহী পরিচালক ড. মো. শহীদ উজ জামানের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য দেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ডিরেক্টর অব প্রোগ্রাম ম্যানেজমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন আফরোজ মহল।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।