বুধবার থেকে সারা দেশে টিসিবির পণ্য বিক্রির কথা জানালেন বাণিজ্য উপদেষ্টা

খবরওয়ালা অনলাইন ডেস্ক: আগামী ৫ মার্চ (বুধবার) থেকে দেশের ৬৪ জেলায় টিসিবির পণ্য বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সেই অনুযায়ী ১৭ মার্চের মধ্যে উপকারভোগীদের স্মার্টকার্ড বিতরণের নির্দেশ দিয়েছেন তিনি। রবিবার (২ মার্চ) স্মার্ট কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় সংক্রান্ত এক ভার্চুয়াল সভায় জেলা প্রশাসকদের উদ্দেশে এ কথা বলেন তিনি।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ‘নিম্ন আয়ের মানুষের জন্য সুবিধা নিশ্চিত করতে আগামী বুধবার থেকে ৬৪ জেলায় ট্রাক সেলে টিসিবির পণ্য বিক্রি শুরু হবে। ইতিমধ্যে এ কার্যক্রম ছয় জেলায় চলমান আছে। নতুন করে ৫৬ জেলায় কার্যক্রম যুক্ত হবে।’

শেখ বশিরউদ্দীন বলেন, ‘এক কোটি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে টিসিবির পণ্য পৌঁছে দিতে চাই। প্রকৃত উপকারভোগী নির্বাচনে জেলা প্রশাসকদের ভূমিকা রাখতে হবে। চলতি মাসের ১৭ তারিখের মধ্যে সব উপকারভোগীকে স্মার্ট কার্ড পৌঁছে দিতে জেলা প্রশাসকদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানাই।’

জেলা প্রশাসকদের উদ্দেশে উপদেষ্টা বলেন, ‘৫৭ লাখ উপকারভোগী স্মার্ট কার্ডের মাধ্যমে পণ্য পাবেন। যাদের এখনো স্মার্ট কার্ডের কার্যক্রম শেষ হয়নি, কিন্তু তালিকায় নাম আছে তারাও পণ্য পাবেন। এ ছাড়া ৬৪ জেলায় ট্রাক সেলের মাধ্যমে সর্বসাধারণের মাঝে আগামী ৫ ফেব্রুয়ারি থেকে পণ্য বিক্রি করা হবে।’

তিনি আরো বলেন, ‘রমজানে কেউ যাতে মজুদদারি করতে না পারে জেলা প্রশাসকদের সেদিকে লক্ষ রাখতে হবে। একই সঙ্গে ভোক্তারা যেন একসঙ্গে পুরো মাসের বাজার না করে সে বিষয়ে অনুপ্রাণিত করতে হবে। একসঙ্গে পুরো মাস বা সাত দিনের পণ্য কিনলে সরবারহ সংকটে কেউ কেউ দাম বাড়িয়ে নেয়। আমরা ন্যায় প্রতিষ্ঠা করতে চাই। কারো প্রতি জুলুম করা হবে না, তবে কেউ জুলুম করলে তাকে ছাড় দেওয়া হবে না।’ 

এ সময় অন্যায় প্রতিরোধে জেলা প্রশাসকদের সর্বশক্তি নিয়োগের আহ্বান জানান তিনি।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।