বের হলেন নামাজের উদ্দেশ্যে, একদিন পর মিললো ব্যবসায়ীর লাশ

কুমিল্লায় নিখোঁজের একদিন পর রেললাইনের পাশ থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে পালপাড়া রেললাইনের ধারে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম।

নিহত ব্যবসায়ীর নাম জামশেদ ভূঁইয়া (৪৪)। তিনি ইলেকট্রনিক পণ্যের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। কুমিল্লা নগরের ৩ নম্বর ওয়ার্ডের কালিয়াজুরী এলাকার ভূঁইয়া বাড়ির সাবেক কমিশনার মৃত আব্দুল কুদ্দুস ভূঁইয়ার ছেলে তিনি।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ছয়টার দিকে মাগরিবের নামাজ আদায় করতে বাসা থেকে বের হওয়ার পর আর ফেরেননি জামশেদ। বিষয়টি নিয়ে তার বড় ভাই কোতোয়ালি মডেল থানায় নিখোঁজ ডায়েরি (জিডি) করেন।

স্থানীয়রা জানান, মাত্র এক সপ্তাহ আগে একই এলাকার কালিয়াজুরীতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও তার মা খুন হয়েছিলেন। তার পর এত অল্প সময়ের মধ্যে একই এলাকায় আবারও হত্যাকাণ্ড ঘটায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে।

ওসি মহিনুল ইসলাম বলেন, “শনিবার সন্ধ্যায় জামশেদের নিখোঁজ হওয়ার জিডি করা হয়েছিল। রবিবার বিকেলে তার লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।”

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।