ভারতে খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ভারতের অভ্যন্তরে সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকায় ক্ষুদ্র-নৃগোষ্ঠী খাসিয়াদের গুলিতে শাহেদ মিয়া নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে ভারতে প্রবেশের পর খাসিয়াদের হামলায় নিহত হন তিনি।

নিহত শাহেদ মিয়া (২৫)কানাইঘাট উপজেলার মঙ্গলপুর গ্রামের মোশাহিদ মিয়ার ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত দিয়ে শাহেদ মিয়া ভারতে প্রবেশ করেন। একপর্যায়ে সে দেশের খাসিয়া চোরাকারবারিদের সঙ্গে দ্বন্দ্বে জড়ান শাহেদ। একপর্যায়ে তাদের গুলিতে নিহত হন তিনি।

স্থানীয়রা বলছেন, ভারত থেকে অবৈধভাবে চিনি ও অন্যান্য পণ্য সামগ্রী বহনের জন্য অনেকে ভারতে অনুপ্রবেশ করে থাকেন। বৃহস্পতিবার গভীর রাতে লাইজুরি এলাকায় গুলির শব্দ শোনা গেছে।

শাহেদের পরিবারের দাবি, মরদেহ ভারতের অভ্যন্তরে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়ায় বিএসএফের সহায়তায় মেঘালয় রাজ্য পুলিশ তাদের হেফাজতে নিয়ে গেছে।

শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে বিজিবির ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, ভারতীয় চোরাকারবারি (খাসিয়া) কর্তৃক এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। স্থানীয় সূত্র থেকে জানার পর বিএসএফকে জানালে তারা মরদেহের একটি ছবি বিজিবিকে প্রদান করে। পরে সেটি যাচাই-বাছাই করে শাহেদের মরদেহ নিশ্চিত হওয়া যায়।

খবরওয়ালা/এমবি

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।