ময়মনসিংহে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে হেলপার নিহত, আহত ১৯

ময়মনসিংহ নগরীর চায়না মোড় এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার ভেঙে উল্টে পড়েছে। বুধবার (১১ জুন) সকাল পৌনে ৮টার দিকে নগরীর গ্যাসোলিন ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে বাসের হেলপার মঞ্জুরুল হাসান (৪১) ঘটনাস্থলেই নিহত হন। আহত হয়েছেন অন্তত ১৯ জন যাত্রী।

জানা গেছে, বাসটি শেরপুর থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। চায়না মোড় এলাকায় পৌঁছালে হঠাৎ বাসটি চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর সেটি ডিভাইডারে উঠে সজোরে ধাক্কা দিয়ে ভেঙে ফেলে এবং সড়কের একপাশে উল্টে পড়ে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—চালক চলন্ত অবস্থায় ঘুমিয়ে পড়েছিলেন, যার ফলে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনায় আহত ১৯ জনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে শিশুসহ ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকি ১২ জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।

ওসি ফিরোজ হোসেন আরও জানান, দুর্ঘটনার শিকার বাসটিকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। চালককে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

9k= ময়মনসিংহে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে হেলপার নিহত, আহত ১৯

 

খবরওয়ালা/আরডি
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।