মানিকগন্জ জেলা প্রতিনিধি : গোপাল রাজবংশী
মানিকগঞ্জ সদর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ ছয়জন মাদকসেবীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) সদর থানাধীন বাগিয়া এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে আটককৃতদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। মানিকগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত এই অভিযানে অভিযুক্তদের কাছ থেকে মোট ১৫ পিস ইয়াবা উদ্ধার ও জব্দ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাগিয়া এলাকার বাসিন্দা দিদারুল ইসলামের বসতঘরে মাদকের আসর বসত। সেখানে কয়েকজন ব্যক্তি যৌথভাবে আড্ডা বসিয়ে মাদক সেবনের মাধ্যমে এলাকায় সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করছিলেন। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ওই বসতঘরে অভিযান চালানো হয়। অভিযানের সময় হাতেনাতে ছয়জনকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে দিদারুল ইসলামের কাছ থেকে ৫ পিস ও বাকি পাঁচজনের প্রত্যেকের কাছ থেকে ২ পিস করে মোট ১৫ পিস ইয়াবা জব্দ করা হয়।
অভিযান শেষে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ছয়টি পৃথক মামলায় অভিযুক্তদের দণ্ডাদেশ দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তদের মধ্যে বাড়ির মালিক বাগিয়া গ্রামের মৃত জংগু মিয়ার ছেলে দিদারুল ইসলামকে (৩৮) সর্বোচ্চ এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া সদর উপজেলার পূর্ব সানবান্দা গ্রামের মৃত জমির মিয়ার ছেলে সুজন আহমেদকে (৩৪) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন আদালত।
একই অপরাধে অপর চারজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেকের ওপর ১০০ টাকা করে অর্থদণ্ড আরোপ করা হয়েছে। এই চার দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন হরিরামপুর উপজেলার নারায়ণকান্দি গ্রামের শেখ জসিমের ছেলে রাকিবুল ইসলাম (২০), একই উপজেলার চাঁদপুর গ্রামের চান মিয়ার ছেলে জিহাদ (২০), মানিকগঞ্জ সদরের বাগিয়া গ্রামের মো. রবিউলের ছেলে মো. আজিম (৩২) এবং একই গ্রামের মইজুদ্দিনের ছেলে আল-আমীন (২০)।
আবাসিক এলাকায় সামাজিক শৃঙ্খলা বজায় রাখা এবং মাদকের বিস্তার রোধে মানিকগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করছে। ভ্রাম্যমাণ আদালতের রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত ছয় আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে কারাগারে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই ত্বরিত পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এবং এলাকায় মাদক নির্মূলে নজরদারি আরও জোরদার করার দাবি জানিয়েছে।


