মেক্সিকোতে ঘূর্ণিঝড় ও ভূমিধসে নিহত ৪৪, নিখোঁজ ২৭

দুই মৌসুমি ঝড় ‘প্রিসিলা’ ও ‘রেমন্ড’-এর আঘাতে ভারী বর্ষণ, বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত হয়ে পড়েছে মেক্সিকো। এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৪৪ জন, নিখোঁজ রয়েছেন আরও ২৭ জন। রোববার (১২ অক্টোবর) দেশটির কেন্দ্রীয় দুর্যোগ মোকাবিলা দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানায়। খবর রয়টার্স।

বিবৃতিতে বলা হয়, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ভেরাক্রুজ রাজ্যে। সেখান থেকে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হিদালাগোতে ১৬ জন, পুয়েবলায় ৯ জন এবং কুয়েরেতারোতে ১ জন নিহত হয়েছেন।

প্রিসিলা ও রেমন্ডের প্রভাবে ৬ থেকে ৯ অক্টোবর পর্যন্ত মেক্সিকোজুড়ে ভারী বৃষ্টিপাত হয়। শুধু ভেরাক্রুজেই তিন দিনে রেকর্ড করা হয়েছে ৫৪০ মিলিমিটার বৃষ্টি। এতে ভূমিধস ও ঝড়ো হাওয়ায় বহু স্থানে গাছ ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে, ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি।

এ দুর্যোগে মেক্সিকোর ৫৫টি শহরে প্রায় ১৬ হাজার বাড়িঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এখনও বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন প্রায় ৩ লাখ ২০ হাজার মানুষ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘূর্ণিঝড় ও দুর্যোগের তেজ কমার পর উদ্ধার কাজে নামে সেনাবাহিনী ও দুর্যোগ মোকাবিলা কর্মীরা। প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাম এক্সে দেওয়া এক বার্তায় জানান, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে ত্রাণ ও উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। তিনি বলেন, ‘কেউই বাদ যাবে না। প্রত্যেক ক্ষতিগ্রস্ত নাগরিক সহায়তা পাবে।’

খবরওয়ালা/এমএজেড
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।