মেয়েকে খাবার দিয়ে ফেরার পথে ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা

ময়মনসিংহের তারাকান্দায় জামাল উদ্দিন নামের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার নলচাপড়া গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।

নিহত জামাল উদ্দিন (৬০) উপজেলার বানিহালা ইউনিয়নের ইউপি সদস্য এবং নলচাপড়া গ্রামের মৃত শহর আলীর ছেলে।

আটকরা হলেন—উপজেলার বানিহালা ইউনিয়নের নলচাপড়া গ্রামের ইছমাঈলের ছেলে কছিম উদ্দিন (৫৫) ও একই গ্রামের মিরাশ উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৪৫)।

নিহতের পরিবারের বক্তব্যে জানা গেছে, জামাল উদ্দিনের মেয়ে স্থানীয় নলচাপড়া মাদ্রাসায় পড়াশোনা করেন। প্রতিদিন তিনি মেয়েকে রাতের খাবার দিয়ে মাদ্রাসায় পৌঁছে দিতেন। রবিবার রাতে রাতের খাবার দিয়ে বাড়িতে ফেরার পথে একদল দুর্বৃত্ত জামাল উদ্দিনকে পিটিয়ে গুরুতর জখম করে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেন, কিন্তু চিকিৎসক রাত ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ টিপু সুলতান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।