যুক্তরাষ্ট্র সামরিক হুমকি বন্ধ করলে পারমাণবিক চুক্তিতে রাজি ইরান

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার একটি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে।ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ঘোষণা দিয়েছেন, শনিবার (১২ এপ্রিল) ওমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনায় বসতে প্রস্তুত।

আরাগচি স্পষ্ট করে বলেন, আমরা আলোচনায় বসতে রাজি, তবে শর্ত হলো চুক্তি সইয়ের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সামরিক হুমকি থেকে সরে আসতে হবে। ইরান কখনও জোরজবরদস্তি মেনে নেবে না।

আলোচনার এই ঘোষণা এমন এক সময় এলো, যখন ১ এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তি নিয়ে পাল্টাপাল্টি হুমকি বিনিময় হয়।  

ট্রাম্প হুমকি দিয়ে বলেন, ইরান যদি পারমাণবিক চুক্তি না করে, তবে যুক্তরাষ্ট্র দেশটিতে বোমাবর্ষণ করবে, এবং এই আক্রমণ হবে“অভূতপূর্ব তীব্রতার”।  

এর জবাবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে কঠোর প্রতিশোধ নেওয়া হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক বৈঠকের পর বলেন, “শনিবার ইরানের সঙ্গে সরাসরি উচ্চ পর্যায়ের আলোচনা শুরু হবে” এবং তিনি একটি চুক্তি হওয়ার ব্যাপারে আশাবাদী। তবে একইসঙ্গে হুঁশিয়ার করেন, আলোচনা ব্যর্থ হলে ইরান মহাবিপদে পড়বে। অন্যদিকে, ইরান স্পষ্ট করেছে, আলোচনা হবে পরোক্ষভাব এবং তার স্থান হবে ওমানে। 

পররাষ্ট্রমন্ত্রী আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেন,  “ইরান ও যুক্তরাষ্ট্র শনিবার ওমানে উচ্চ পর্যায়ের পরোক্ষ আলোচনার জন্য মিলিত হবে। এটা যতটা সুযোগ, ঠিক ততটাই পরীক্ষা। বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে।”

এছাড়া জানা গেছে, মঙ্গলবার রাশিয়ার মস্কোতে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে রাশিয়া, চীন ও ইরানের মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

খবরওয়ালা/এমবি

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।