শতাধিক গাড়িবহর নিয়ে পঞ্চগড়ে সারজিসের শোডাউন ও পথসভা

তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা পঞ্চগড়ে গিয়েছেন সারজিস আলম।

সোমবার (২৪ মার্চ) দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে নেমে ব্যান্ডপার্টিসহ গাড়িবহর নিয়ে পঞ্চগড়ে যান তিনি। এ সময় তাকে শতাধিক গাড়িবহর নিয়ে শোডাউন ও জেলার বিভিন্ন এলাকায় পথসভা করতে দেখা যায়।

দেবীগঞ্জ উপজেলা সদরের বিজয় চত্বরে পথসভায় সারজিস আলম বলেন, ‘আগামীতে বাংলাদেশে কেউ আর দলের নাম দেখে, মার্কা দেখে ভোট দেবে না। এত দিন সাধারণ মানুষকে নেতারা বিভিন্নভাবে ব্যবহার করেছেন। ভোটের আগের দিন যান আর কিছু টাকা ধরিয়ে দেন। আর ভোটের পরে যেকোনো কাজের জন্য গেলে আগে টাকার জন্য হাত পেতে থাকেন। নতুন বাংলাদেশে এগুলো আর হতে দেওয়া যাবে না।’

তিনি আরো বলেন, ‘যে জনপ্রতিনিধি হয়ে কাজ না করে সাধারণ মানুষের কাছে লুটপাট করবেন তাদের আর জনপ্রতিনিধি হিসেবে মেনে নেওয়া যাবে না। ৫ বছরে যদি কোনো নেতার কাছে এক দিন কিছু নেন তাহলে পরবর্তী ৫ বছর আপনার রক্ত চুষে খাবেন। কোনো মেম্বার-চেয়ারম্যান, এমপি-মন্ত্রীকে সুযোগ দেওয়া যাবে না।’

আমি আপনাদের সন্তান উল্লেখ করে সারজিস বলেন, ‘আমরা ভুল করলে শুধরে দেবেন। আর কোনো দলের অন্ধ ভক্ত হবেন না। অন্ধ ভক্ত হলে আপনার মূল্য কেউ দেবে না। আমরা আপনাদের কাছে মার্কা নিয়ে যাব, যদি আপনাদের কথা রাখতে পারি তাহলে আমাদের ভোট দেবেন। পঞ্চগড় আমার জন্মভূমি তাই আপনাদের কাছে আমার আলাদা দাবি আছে।’

এ সময় আঞ্চলিক ভাষায় তিনি বলেন, ‘হামার সংগঠন থাকি তোমহার বাড়ি যামো, পন্থা লাপা, ভর্তা দিয়া খামো আর দেশটাক উন্নয়ন করির জন্য গল্প করিমো।’

এ সময় তার শোডাউনে জাতীয় নাগরিক পার্টি পঞ্চগড় জেলার নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। পরে তিনি যাত্রা পথে সাকোয়া, বোদা, তেঁতুলিয়া ও পঞ্চগড়ে পথসভা করেন। আজ নিজ উপজেলা আটোয়ারীতে জাতীয় নাগরিক কমিটির আয়োজনে ইফতার মাহফিলে যোগ দেন তিনি।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।