সাতক্ষীরার সড়ক থেকে ৩০টি বোমা সদৃশ বস্তু উদ্ধার

সাতক্ষীরা শহরের বাইপাস সড়কের মৌবন রেস্তোরাঁর সামনে থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার (৫ জুন) রাত ৯টার দিকে অভিযান চালিয়ে প্রায় ২৫ থেকে ৩০টি ককটেলজাতীয় বস্তু উদ্ধার করা হয়। ঘটনায় এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে।

র‍্যাব-৬ এর সাতক্ষীরা শাখার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) জিহাদ সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৮টার দিকে খবর পাওয়া যায় যে বাইপাস সড়কের পাশে সন্দেহজনক কিছু বস্তু পড়ে আছে। খবর পাওয়ার পরপরই সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালায় এবং এক ব্যাগ ভর্তি বোমা সদৃশ বস্তু উদ্ধার করে।

স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আমরা প্রথমে বুঝতেই পারিনি কী ঘটছে। যৌথ বাহিনী আসার পর জানতে পারি রাস্তার পাশে বোমার মতো কিছু পাওয়া গেছে। এতে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।’

ঘটনার উপস্থিত সাংবাদিকরা জানান, রাত ১০টা ১৫ মিনিটের দিকে কোনো ধরনের বিশেষ নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই এসব বস্তু সরিয়ে নেওয়া হয়। প্রথমদিকে গণমাধ্যমকর্মীদের ভিডিও ধারণ করতে দেওয়া হলেও, পরে বস্তুগুলো বালতিতে তোলার সময় ক্যামেরা বন্ধ করতে বলা হয়, যা নিয়ে প্রশ্ন উঠেছে নিরাপত্তা ও পেশাদারিত্ব ঘিরে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো ঘটনার তদন্ত চলছে। উদ্ধার হওয়া ককটেল সদৃশ বস্তুগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য বিশেষজ্ঞ দলের কাছে পাঠানো হয়েছে।

সাতক্ষীরার মতো ঘনবসতিপূর্ণ এলাকায় এমন বিপজ্জনক বিস্ফোরক উদ্ধারে সাধারণ মানুষের মধ্যে ভীতি ছড়িয়ে পড়েছে। দ্রুত তদন্তের মাধ্যমে এই ককটেলগুলো কে বা কারা রেখে গেছে এবং কী উদ্দেশ্যে—তা খুঁজে বের করার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।

খবরওয়ালা/এসআর 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।