সিডনির আকাশে দুই হালকা বিমানের সংঘর্ষ, এক পাইলটের মৃত্যু

অস্ট্রেলিয়ার সিডনির কাছে মাঝ আকাশে দুটি হালকা বিমানের সংঘর্ষ হয়েছে। এতে একটি বিমান বিধ্বস্ত হয়ে এর পাইলট নিহত হয়েছেন। অস্ট্রেলিয়ান পুলিশের তথ্যের ভিত্তিতে এ খবর জানিয়েছে এএফপি।

নিউ সাউথ ওয়েলস রাজ্য পুলিশ জানায়, সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওয়েডারবার্নে বিমানবন্দরের কাছে ঝোপঝাড়ের মধ্যে বিধ্বস্ত বিমানের পাইলটের মরদেহ উদ্ধার করা হয়। তাদের জানানো হয়েছিল, দুই ছোট বিমান মাঝ আকাশে ধাক্কা খায় এবং এর মধ্যে একটি বিমান কাছাকাছি এলাকায় পড়ে যায়।

দ্য ক্যানবেরা টাইমস জানায়, ঘটনাটির পরপরই একটি তদন্ত দল গঠন করা হয়েছে। অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো (এটিএসবি) দুর্ঘটনাস্থলে গিয়ে প্রমাণ সংগ্রহ ও সংঘর্ষের কারণ অনুসন্ধান করবে। দলটি ধ্বংসাবশেষ পরীক্ষা, মানচিত্র তৈরি এবং প্রয়োজনীয় অংশ সংগ্রহ করে বিশদ বিশ্লেষণ করবে।

রবিবার সকালে সংঘটিত দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত করা যায়নি। অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, একজন পাইলট ঘটনাস্থলেই মারা যান। অপর বিমানটি নিরাপদে অবতরণ করতে পেরেছে এবং তার পাইলট আহত হননি।

এক বিবৃতিতে এটিএসবি জানায়, সংঘর্ষে জড়িত বিমানগুলোর একটি নিরাপদে নেমে আসলেও অন্যটি মাটিতে আছড়ে পড়ে, ফলে পাইলটের মৃত্যু হয়। এলাকাটি এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে ব্যুরো।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।