খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 31শে শ্রাবণ ১৪৩২ | ১৫ই আগস্ট ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
খাগড়াছড়ির মানিকছড়িতে অস্ত্রসহ ইসমাইল হোসেন নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই অভিযানে কংচাই মারমা নামে আরও এক শীর্ষ সন্ত্রাসী গুলি ছুঁড়ে পালানোর চেষ্টা করলে ছাদ থেকে লাফিয়ে পড়ে মারা যায়।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৬টায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের নেতৃত্বে মানিকছড়ি উপজেলার গাড়িটানা এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এতে স্থানীয় সন্ত্রাসী ইসমাইল হোসেনকে দুটি এলজি ও পাঁচ রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করা হয়।
পরে ইসমাইলের দেওয়া তথ্যমতে শান্তিনগর এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। সেখানে কংচাই মারমা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে তিনতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে একটি ৯ মিমি পিস্তল, পাঁচটি এলজি, ২১টি কার্তুজ ও ১৮টি পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে। বর্তমানে কংচাই মারমার মরদেহের ময়নাতদন্ত প্রক্রিয়াধীন।
আইএসপিআর জানায়, কংচাই মারমা দীর্ঘদিন ধরে খাগড়াছড়ি এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপহরণের সঙ্গে জড়িত ছিল। সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে শান্তি ও নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং সন্ত্রাস দমনে অভিযান অব্যাহত থাকবে।
খবরওয়ালা/এসআই