সৌদি রিয়ালের ফাঁদে প্রবাসী, ‘সাবান’ দিয়ে ৫ লাখ টাকা লুট

রংপুরে সৌদি রিয়ালের প্রলোভন দেখিয়ে পত্রিকায় মুড়িয়ে একটি সাবান দিয়ে এক প্রবাসীর কাছ থেকে ৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মূলহোতা নায়েক শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে কোতোয়ালি থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতারণার শিকার জহিরুল ইসলাম কাউনিয়া উপজেলার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে ওমানপ্রবাসী। চলতি বছরের ৭ জুলাই তিনি তিন মাসের ছুটিতে দেশে আসেন। গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় রংপুর সুপার মার্কেট এলাকায় অভিযুক্ত নায়েক শেখ তার কাছে গিয়ে এবি ব্যাংকের অবস্থান জানতে চান। কথোপকথনের একপর্যায়ে নায়েক শেখ জানান, তার কাছে ১০০ সৌদি রিয়াল রয়েছে, যা ভাঙাতে হবে। বাদী সরল বিশ্বাসে তাকে সহায়তা করে স্থানীয় মানি এক্সচেঞ্জ অফিস থেকে রিয়াল ভাঙিয়ে দেন। এ সময় আসামি ও বাদীর মধ্যে মোবাইল নম্বরও বিনিময় হয়।

পুলিশ আরও জানিয়েছে, সেদিন রাতেই আসামি বাদীকে ফোন করে জানান, তার কাছে আরও ১০ লাখ সৌদি রিয়াল আছে। সেগুলো ভাঙালে বাদী লাভবান হবেন বলে প্রলোভন দেখান। পরদিন সকালে পায়রা চত্বরে দেখা করতে বলেন আসামি। সকালেই জহিরুল সেখানে গেলে নায়েক শেখ দেখান যে তার কাছে বিপুল পরিমাণ রিয়াল রয়েছে এবং বাজারমূল্য হিসেবে এর দাম প্রায় ৩ কোটি ৪৪ লাখ টাকা হবে। তবে আগে নগদ ৫ লাখ টাকা দিতে হবে, বাকি টাকা রিয়াল ভাঙানোর পর বুঝিয়ে দেওয়া হবে বলে শর্ত দেন আসামি।

পরবর্তীতে বিভিন্ন স্থান থেকে টাকা সংগ্রহ করে জহিরুল ইসলাম সেদিন সন্ধ্যায় শাপলা মোড় এলাকায় ৫ লাখ টাকা নায়েক শেখসহ অজ্ঞাত দুই ব্যক্তির হাতে হস্তান্তর করেন। এরপর অভিযুক্তরা গামছা দিয়ে মোড়ানো একটি ব্যাগ দিয়ে দ্রুত সরে যান। ব্যাগ খুলে বাদী দেখতে পান রিয়ালের পরিবর্তে খবরের কাগজে মোড়ানো একটি সাবান রাখা আছে। পরদিন জহিরুল ইসলাম কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, গ্রেপ্তার নায়েক শেখকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করা হচ্ছে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।