কিছু মানুষ তাঁদের মেধা, মনন, প্রজ্ঞা ও কর্মের মধ্য দিয়ে একটি দেশকে এগিয়ে নেওয়ার ইতিহাসের অংশ হয়ে থাকেন। তাঁদের অবদান কোনো নির্দিষ্ট সময় কিংবা পেশার গণ্ডিতে সীমাবদ্ধ থাকে না; ছড়িয়ে পড়ে প্রজন্ম থেকে প্রজন্মে। জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী ছিলেন তেমনই একজন ক্ষণজন্মা ব্যক্তিত্ব। বাংলাদেশের প্রকৌশল, বিজ্ঞান, শিক্ষা, গবেষণা ও আধুনিক অবকাঠামো উন্নয়নের ইতিহাসে তাঁর নাম চিরস্মরণীয় হয়ে থাকবে।
স্বাধীনতার পর বাংলাদেশে যেসব বৃহৎ ভৌত অবকাঠামো ও মেগা প্রকল্প বাস্তবায়িত হয়েছে, তার অনেকগুলোর পরিকল্পনা, নকশা, নির্মাণ ও কারিগরি পরামর্শের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত ছিলেন তিনি। বঙ্গবন্ধু সেতু, পদ্মা সেতু, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেলসহ দেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পে তাঁর মেধা, অভিজ্ঞতা ও পরামর্শ বিশেষ ভূমিকা রেখেছে।
একজন খ্যাতিমান পুরকৌশলী, গবেষক, শিক্ষাবিদ, বিজ্ঞানী, তথ্যপ্রযুক্তিবিদ ও দক্ষ প্রশাসক হিসেবে তিনি দেশে-বিদেশে অর্জন করেছিলেন অসামান্য মর্যাদা ও স্বীকৃতি।
জন্ম ও শিক্ষাজীবন
জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর জন্ম ১৯৪৩ সালের ১৫ নভেম্বর সিলেটে। তাঁর বাবা প্রকৌশলী আবিদ রেজা চৌধুরী ছিলেন একজন খ্যাতিমান প্রকৌশলী। পারিবারিক পরিবেশেই প্রকৌশলবিদ্যার প্রতি তাঁর আগ্রহ তৈরি হয়। পরিবারের অনেক সদস্যই ছিলেন প্রকৌশলী। বাবার পাশাপাশি পরিবারের অন্যদের পেশাগত আদর্শও তাঁকে প্রকৌশলী হওয়ার অনুপ্রেরণা জুগিয়েছিল।
শিক্ষাজীবনের শুরুতে তিনি ময়মনসিংহ জিলা স্কুলে পড়াশোনা করেন। পরবর্তী সময়ে ঢাকায় এসে নবাবপুর সরকারি উচ্চবিদ্যালয় ও সেন্ট গ্রেগরিজ স্কুলে অধ্যয়ন করেন। ১৯৫৭ সালে সেন্ট গ্রেগরিজ স্কুল থেকে ম্যাট্রিকুলেশন এবং ১৯৫৯ সালে ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন।
এরপর তৎকালীন আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজে (বর্তমান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়—বুয়েট) পুরকৌশল বিভাগে ভর্তি হন। ১৯৬৩ সালে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন।
শিক্ষাজীবনের অসাধারণ সাফল্যের ধারাবাহিকতায় একই বছর বুয়েটের পুরকৌশল বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। পরবর্তী সময়ে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যের সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ে যান। সেখান থেকে ১৯৬৫ সালে অ্যাডভান্সড স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর এবং ১৯৬৮ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
প্রকৌশল ও গবেষণায় অসামান্য অবদান
বুয়েটে শিক্ষকতা করতে গিয়ে তিনি নিজেকে শুধু একজন শিক্ষক হিসেবে সীমাবদ্ধ রাখেননি। গবেষণা, প্রকৌশলবিদ্যার আধুনিকায়ন এবং দেশের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতেও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।
১৯৭৬ সালে তিনি বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক নিযুক্ত হন। বিভাগীয় প্রধান, অনুষদের ডিন এবং বুয়েটের কম্পিউটার সেন্টারের পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ১৯৮২ থেকে ১৯৯২ সাল পর্যন্ত প্রায় এক দশক বুয়েটের কম্পিউটার সেন্টারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সাল পর্যন্ত তিনি বুয়েটে অধ্যাপনা করেন।
উচ্চ ভবনের কাঠামোগত নিরাপত্তা ও শিয়ার ওয়াল বিশ্লেষণ নিয়ে তাঁর গবেষণা আন্তর্জাতিক প্রকৌশল জগতে বিশেষভাবে সমাদৃত। অধ্যাপক কুলের (Coull) সঙ্গে যৌথভাবে উদ্ভাবিত ‘কুল অ্যান্ড চৌধুরী মেথড’ বহুতল ভবনের শিয়ার ওয়াল বিশ্লেষণের একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হিসেবে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করে। প্রকৌশল শিক্ষার পাঠ্যসূচিতেও এ পদ্ধতি স্থান পেয়েছে।
উচ্চ ভবন নির্মাণ, ভূমিকম্পসহনশীল স্থাপনা, স্বল্পব্যয়ে আবাসন, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস মোকাবিলায় অবকাঠামো নির্মাণ এবং তথ্যপ্রযুক্তির প্রয়োগসহ বিভিন্ন বিষয়ে তাঁর গবেষণা ছিল অত্যন্ত সমৃদ্ধ। দেশি-বিদেশি জার্নাল ও আন্তর্জাতিক সম্মেলনে তাঁর প্রায় ৭০টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।
দেশের বৃহৎ অবকাঠামো উন্নয়নে পথপ্রদর্শক
বাংলাদেশের প্রকৌশল ও অবকাঠামো উন্নয়নের ইতিহাসে জামিলুর রেজা চৌধুরী এক অনন্য নাম।
যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতু নির্মাণের পরিকল্পনা ও বাস্তবায়নে তিনি বিশেষজ্ঞ পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পদ্মা সেতু প্রকল্পেও তিনি বিশেষজ্ঞ প্যানেলের গুরুত্বপূর্ণ সদস্য ও কারিগরি পরামর্শক হিসেবে যুক্ত ছিলেন।
এ ছাড়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল, ঢাকা সাবওয়ে এবং অন্যান্য বৃহৎ অবকাঠামো প্রকল্পে তাঁর পরামর্শ ও অভিজ্ঞতা কাজে লাগানো হয়েছে।
বাংলাদেশের প্রথম জাতীয় ভবন নির্মাণবিধি প্রণয়নেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। দেশের ভূমিকম্প ঝুঁকি ও বায়ুপ্রবাহের বৈশিষ্ট্য বিবেচনায় ভবনের নিরাপদ নকশা প্রণয়নের ক্ষেত্রেও তিনি অবদান রাখেন। উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণের পরিকল্পনা ও মহাপরিকল্পনা প্রণয়নেও তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
শিক্ষা ও রাষ্ট্রীয় দায়িত্বে
২০০১ সালে বুয়েট থেকে অবসর গ্রহণের পর তিনি দেশের উচ্চশিক্ষার প্রসারে নতুন দায়িত্ব গ্রহণ করেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে ২০০১ থেকে ২০১০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম ও প্রাতিষ্ঠানিক ভিত্তি সুসংহত হয়।
২০১২ সালের মে মাসে তিনি ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য হিসেবে যোগ দেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত এ দায়িত্ব পালন করেন।
১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। সে সময় তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। পরবর্তী সময়ে দেশের সফটওয়্যার রপ্তানি ও তথ্যপ্রযুক্তি অবকাঠামো উন্নয়নের টাস্কফোর্সের সভাপতির দায়িত্বও পালন করেন।
বাংলাদেশ আর্থকোয়েক সোসাইটি, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। বিশেষ করে ২০০৩ সাল থেকে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতির দায়িত্ব পালন করে তিনি দেশের নতুন প্রজন্মকে গণিত ও বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
একজন প্রকৌশলীর সৃজনশীলতার অনন্য দৃষ্টান্ত
তাঁর কর্মজীবনের একটি চমৎকার ও ব্যতিক্রমী ঘটনা অনেকেরই অজানা।
রাজধানীর এলিফ্যান্ট রোডের বিখ্যাত এরোপ্লেন মসজিদের মিনারের ওপর স্থাপিত বিমানের কাঠামোগত নকশা (Structural Design) তৈরি করেছিলেন তিনি। তখন তিনি আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজের শেষ বর্ষের ছাত্র। ছাত্রাবস্থায়ই তাঁর অসাধারণ প্রকৌশল জ্ঞান, সৃজনশীলতা ও দক্ষতার পরিচয় পাওয়া যায় এই কাজের মধ্য দিয়ে।
এ ঘটনাটি প্রমাণ করে, প্রকৌশলবিদ্যা তাঁর কাছে শুধু একটি পেশা ছিল না; বরং ছিল সৃজনশীল চিন্তা ও বাস্তব উদ্ভাবনের এক অনন্য ক্ষেত্র।
পুরস্কার ও আন্তর্জাতিক স্বীকৃতি
কর্মজীবনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা।
১৯৯৭ সালে ড. এম এ রশীদ স্বর্ণপদক এবং ১৯৯৮ সালে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) স্বর্ণপদক লাভ করেন। ২০০৯ সালে পান আইসিটি চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড।
২০১০ সালে যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় তাঁকে সম্মানসূচক ডক্টর অব ইঞ্জিনিয়ারিং (D.Eng.) ডিগ্রি প্রদান করে। ব্রিটিশ কোনো বিশ্ববিদ্যালয় থেকে এই সম্মানসূচক ডিগ্রি অর্জনকারী প্রথম বাংলাদেশি হিসেবে তিনি বিশেষ মর্যাদা লাভ করেন।
২০১৩ সালে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) তাঁকে বিশেষ স্বীকৃতি প্রদান করে।
বিজ্ঞান ও প্রযুক্তিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার ২০১৭ সালে তাঁকে একুশে পদকে ভূষিত করে।
২০১৮ সালের ১৯ জুন বাংলাদেশ সরকার তাঁকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দেয়। একই বছর জাপান সরকার তাঁকে দেশটির মর্যাদাপূর্ণ ‘অর্ডার অব দ্য রাইজিং সান: গোল্ড রেইস উইথ নেক রিবন’ সম্মাননায় ভূষিত করে।
একটি প্রজন্মের প্রেরণার নাম
জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী ছিলেন এমন একজন মানুষ, যিনি নিজের মেধা ও যোগ্যতাকে কেবল ব্যক্তিগত সাফল্যের জন্য ব্যবহার করেননি; বরং দেশের উন্নয়ন, শিক্ষা, গবেষণা ও মানুষের কল্যাণে নিবেদিত করেছিলেন।
তাঁর কাছে দেশের প্রকৌশলীদের দক্ষতা ও সক্ষমতা ছিল অপরিসীম সম্ভাবনার উৎস। তিনি বিশ্বাস করতেন, যথাযথ সুযোগ, শিক্ষা ও পরিকল্পনা পেলে বাংলাদেশের প্রকৌশলীরাই আন্তর্জাতিক মানের বৃহৎ প্রকল্প বাস্তবায়নে সক্ষম।
তাঁর জীবন আমাদের শেখায়, জ্ঞান অর্জনের কোনো শেষ নেই, মেধার প্রকৃত সার্থকতা মানুষের কল্যাণে এবং একজন মানুষের শ্রেষ্ঠ পরিচয় তাঁর কর্মের মধ্যেই বেঁচে থাকে।
২০২০ সালের ২৮ এপ্রিল ঢাকায় নিজ বাসভবনে হৃদ্রোগে আক্রান্ত হয়ে ৭৬ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন এই বরেণ্য শিক্ষাবিদ ও প্রকৌশলী।
তিনি আজ আমাদের মাঝে নেই। কিন্তু বাংলাদেশের সেতু, সড়ক, ভবন, অবকাঠামো, প্রকৌশল শিক্ষা ও গবেষণার অগ্রযাত্রায় তাঁর অবদান তাঁকে চিরকাল স্মরণীয় করে রাখবে।
জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী শুধু একজন সফল প্রকৌশলী ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের উন্নয়নযাত্রার একজন নীরব স্থপতি, জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণের এক নিবেদিত কারিগর।
কর্মে, মেধায় ও অবদানে তিনি বেঁচে থাকবেন বাংলাদেশের ইতিহাসে, মানুষের শ্রদ্ধায় এবং ভবিষ্যৎ প্রজন্মের অনুপ্রেরণায়।
এই মহান ব্যক্তিত্বের জন্মদিনে জানাই গভীর শ্রদ্ধা ও বিনম্র প্রণতি।


