হযরত শাহজালাল বিমানবন্দরে ফ্লাই দুবাইয়ের ফ্লাইটে ২০ কোটির স্বর্ণ জব্দ

ঢাকা, ৩ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস হাউস ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে প্রায় সাড়ে নয় কেজি ওজনের বিপুল পরিমাণ স্বর্ণ জব্দ করা হয়েছে। ফ্লাই দুবাইয়ের একটি যাত্রীবাহী ফ্লাইট থেকে মালিকবিহীন অবস্থায় এই স্বর্ণবারগুলো উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা। কঠোর নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারির মুখেও চোরাচালানের এই অভিনব চেষ্টা ব্যর্থ করে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ২ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে কাস্টমস হাউস জানতে পারে যে ফ্লাই দুবাইয়ের এফজেড-৫২৩ ফ্লাইটে বড় ধরনের স্বর্ণ চোরাচালান হতে পারে। এই তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমস কর্মকর্তারা দ্রুত তৎপর হয়ে ওঠেন।
পরবর্তীতে বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে রাত ৯টা ৪০ মিনিটে যাত্রীশূন্য অবস্থায় ওই বিমানটির ভেতরে নিবিড় তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে বিমানের ১৯এ নম্বর সিটের নিচে কালো স্কচটেপে মোড়ানো একটি সন্দেহজনক প্যাকেট বা বস্তু নজরে আসে। পরে সেটি উদ্ধার করে কাস্টমস হলে নিয়ে যাওয়া হয় এবং বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ইনভেন্টরি বা তালিকা তৈরি করা হয়। সেখানে স্কচটেপ খুলে একে একে ৮০টি স্বর্ণবার পাওয়া যায়।
উদ্ধার করা এই স্বর্ণবারগুলোর মোট ওজন ৯৩৩১ গ্রাম বা প্রায় ৯.৩৩ কেজি। সরকারি নির্ধারিত শুল্ক-কর সম্পূর্ণ ফাঁকি দিয়ে অত্যন্ত চতুর কৌশলে বিমানের সিটের নিচে লুকিয়ে এই চোরাচালান করা হচ্ছিল বলে জানিয়েছে এনবিআর। তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি, কারণ স্বর্ণবারগুলো মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে।
জব্দকৃত ৮০টি স্বর্ণবার বর্তমানে বিমানবন্দর কাস্টমসের সুরক্ষিত মূল্যবান গুদামে জমা রাখা হয়েছে। প্রচলিত কাস্টমস বিধি ও আইন অনুযায়ী মূল্যবান এই ধাতু বাংলাদেশ ব্যাংকের ভল্টে জমা দেওয়ার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। দেশের অর্থনীতি সুরক্ষা এবং যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে কাস্টমস হাউস, ঢাকার এমন নজরদারি ও কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে এনবিআর।
Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।