জাতীয় নির্বাচন সামনে রেখে আগামী ১০ সেপ্টেম্বর সারা দেশের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এরপর ২৫ সেপ্টেম্বর পর্যন্ত এ তালিকা নিয়ে দাবি ও আপত্তি গ্রহণ করা হবে এবং ১২ অক্টোবরের মধ্যে এসব নিষ্পত্তি শেষে ২০ অক্টোবর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
বুধবার (২০ আগস্ট) জেলা নির্বাচন কর্মকর্তাদের পাঠানো এক চিঠিতে এসব তথ্য জানানো হয়। নির্বাচন কমিশনের উপসচিব মো. মাহবুব আলম শাহ স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ কমিশনে অনুমোদিত হয়েছে এবং এটি গত ২৬ জুন গেজেটে প্রকাশিত হয়েছে।
গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৮ (১) ও (২) অনুযায়ী নির্বাচনের ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করে নির্বাচন অনুষ্ঠানের কমপক্ষে ২৫ দিন আগে গেজেটে প্রকাশ করতে হবে। এ প্রেক্ষিতে এলাকাভিত্তিক ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ, দাবি-আপত্তি নিষ্পত্তি এবং চূড়ান্ত তালিকা প্রস্তুতের নির্দেশনা দিয়েছে কমিশন।
চিঠিতে আরও বলা হয়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী এবং ভোটকেন্দ্র স্থাপনের নীতিমালা অনুসারে খসড়া ভোটকেন্দ্রের সংখ্যা ও সম্ভাব্য চূড়ান্ত ভোটকেন্দ্রের সংখ্যা (সফটকপিসহ) নির্ধারিত তারিখের মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে ইসির নির্বাচন সহায়তা-১ শাখায় পাঠাতে হবে।
খবরওয়ালা/এন



