৫ লাখ টাকা ঘুষ দাবি করা সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

নাটোরের গুরুদাসপুরের বাসিন্দা আমেরিকা প্রবাসী রাসেল হোসাইনের নামে দায়েরকৃত একটি মামলা থেকে নাম প্রত্যাহারের কথা বলে রাসেলের ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার গোলাম রাব্বির কাছে ৫ লাখ টাকা ঘুষ দাবি করার ঘটনায় প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় গুরুদাসপুর থানা পুলিশের এসআই (উপ-পরিদর্শক) আবু জাফর মৃধাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (৪ জুন) সকালে অভিযুক্ত আবু জাফর মৃধাকে সাময়িক বরখাস্ত করে নাটোর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন।

তিনি বলেন, ‘অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। অডিওটা (ঘুষ দাবির কল রেকর্ড) তার বলে প্রমাণিত হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে আবু জাফর মৃধাকে সাময়িক বরখাস্ত করে নাটোর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। পরবর্তীতে পূর্ণাঙ্গ তদন্ত শেষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

জানা যায়, গত ১৫ মে চাঁচকৈড় বাজার এলাকায় ইটভাটা ব্যবসায়ী ফরিদ মোল্লার ছেলে রুবেল মোল্লাকে দুর্বৃত্তরা মারধর করে। সেখানে উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী রাসেল হোসাইনের ব্যবসা প্রতিষ্ঠানের একজন কর্মচারী। এ কারণে ১৬ মে রাসেলকে ১ নম্বর আসামি করে গুরুদাসপুর থানায় মামলা করেন ফরিদ মোল্লা। তদন্তের দায়িত্ব পান থানার এসআই আবু জাফর মৃধা। দায়িত্ব পাওয়ার পর থেকেই তিনি রাসেলের প্রতিষ্ঠানে গিয়ে ব্যবস্থাপক গোলাম রাব্বির কাছে ঘুষ দাবি করেন। গত ২ জুন গোলাম রাব্বিকে ফোন করে ফের পাঁচ লাখ টাকা চান।

টাকা দাবির অডিও রেকর্ডে এসআইকে বলতে শোনা যায়, ‘মামলা থেকে নাম বাদ দেব। চার-পাঁচ লাখ টাকা লাগবে। ঈদের আগে এক লাখ টাকা দিতে হবে। বাকি চার লাখ পড়ে দিয়েন। ১ নম্বর আসামির নাম বাদ দিতে হলে কয়েকটা দপ্তর আছে ভাই। বোঝেন তো। এমনও হতে পারে এসপি স্যার, সার্কেল স্যার ডাকতে পারে। ওসি স্যার তো ডাকবেই। ওসি স্যারকে নলেজে দিয়েই সব করতে হবে ভাই।’

ব্যবস্থাপক গোলাম রাব্বি বলেন, ‘মারামারির মামলায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাসেল ভাইকে ১ নম্বর আসামি করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা প্রতিনিয়ত হুমকি দিচ্ছেন। গত সোমবার রাতে ফোনে করে তিনি পাঁচ লাখ টাকা দাবি করেন। ঘুষ দাবির অডিও রেকর্ড নাটোর পুলিশ সুপারের কাছে জমা দিয়েছি।’

রাসেল হোসাইন বলেন, ‘আমি দেশে নেই। অথচ ভিত্তিহীন ও মিথ্যা মারধরের মামলায় আমাকে ১ নম্বর আসামি করা হয়েছে। মামলা থেকে নাম কাটাতে পাঁচ লাখ টাকা ঘুষ দাবি করা হচ্ছে। পুলিশ কর্মকর্তার এমন কাণ্ডে আমি হতবাক ও আতঙ্কিত। আমি এসআই আবু জাফরের মতো দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তাদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে কথা বলতে মঙ্গলবার (০৩ জুন) এসআই আবু জাফর মৃধার মোবাইল ফোনে কল দিলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কেন টাকা চাইব? পাঁচ লাখ টাকা দাবির অডিও রেকর্ড সমকালের কাছে আছে জানালে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।