অক্টোবর-নভেম্বরে এশিয়া ও আফ্রিকা সফর করবে আর্জেন্টিনা, খেলবে চার ম্যাচ

আগামী অক্টোবর-নভেম্বরে এশিয়া ও আফ্রিকার তিন দেশ সফর করবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, খেলবে চার ম্যাচ। দলের সঙ্গে সফরে যাবেন লিওনেল মেসিও। আর্জেন্টিনার শীর্ষ ক্রীড়া দৈনিক ওলে ও ক্রীড়াভিত্তিক টেলিভিশন চ্যানেল টিওয়াইসি স্পোর্টস এ নিয়ে প্রতিবেদন করেছে।

সংবাদমাধ্যম দুটির প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরের ফিফা উইন্ডোতে চীন সফরে যাবে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। সেখানে তারা দুটি ম্যাচ খেলবে।

গত পরশু এএফএর সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে বৈঠক করেছেন অ্যাঙ্গোলা ফুটবল ফেডারেশনের (এফএএফ) সভাপতি ফার্নান্দো আলভেস সিমোয়েস।

দুই ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, তাপিয়া ও সিমোয়েসের মধ্যে বেশ ফলপ্রসূ আলোচনা হয়েছে। আগামী ১১ নভেম্বর স্বাধীনতার ৫০ বর্ষপূর্তি উৎসব করবে অ্যাঙ্গোলা। সেদিনই নিজেদের মাঠে আর্জেন্টিনার সঙ্গে খেলতে চায় তারা।

তাপিয়ার সঙ্গে বৈঠক শেষে রেডিও স্টেশন আরএনএকে সিমোয়েস জানিয়েছেন, আর্জেন্টিনা দলের সঙ্গে মেসিও অ্যাঙ্গোলা সফরে যাবেন, ‘সবকিছুতেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে মেসি অ্যাঙ্গোলায় থাকবেন। আমরা যখন এএফএ সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে আলোচনা করছিলাম, তখন তিনি মেসিকে ফোন করেন। মেসি ফোনে তাঁকে ২০০৬ সালে অ্যাঙ্গোলার বিপক্ষে ম্যাচটির কথা মনে করিয়ে দেন। সেই ম্যাচটি হয়েছিল ইতালিতে, আর্জেন্টিনা জিতেছিল ২-০ গোলে। সেটিও ছিল বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচ।’

টিওয়াইসি স্পোর্টসের সাংবাদিক গাস্তন এদুল জানিয়েছেন, নভেম্বরে অ্যাঙ্গোলা থেকে কাতারে যাবে আর্জেন্টিনা। সেখানে একটি প্রীতি ম্যাচ খেলবে। এর আগে অক্টোবরে চীন সফরে খেলবে দুটি ম্যাচ।

এশিয়ার দুই দেশ কাতার ও চীন সফরে আর্জেন্টিনার তিন ম্যাচের প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি। তবে ধারণা করা হচ্ছে, আয়োজক দেশ দুটির সঙ্গে অন্য একটি দেশকে আমন্ত্রণ জানানো হতে পারে। এ নিয়ে আলোচনা চলছে।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।