খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
খবরওয়ালা অনলাইন ডেস্ক: কেবিন প্রেসার কমে যাওয়ার সমস্যার কারণে মিয়ানমারের আকাশ পথ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যাংককগামী একটি ফ্লাইট ঢাকায় ফিরে এসেছে। তবে প্লেনটিতে মোট কতজন যাত্রী ছিল তা জানা যায়নি।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বিজি-৩৮৮ ফ্লাইটটি ফিরে আসে। বোয়িং ৭৩৭-৮০০ মডেলের এই এয়ারক্রাফটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর ১২টায় উড্ডয়ন করেছিল।
এক ঘণ্টা পর, যখন প্লেনটি মিয়ানমারের আকাশে ২৫ হাজার ফুট উচ্চতায় ছিল, তখন হঠাৎ কেবিন প্রেসার কমে যায়। এতে অক্সিজেনের মাত্রা কমতে থাকলে স্বয়ংক্রিয়ভাবে যাত্রীদের মাথার ওপর থেকে ওভারহেড অক্সিজেন মাস্ক নেমে আসে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পাইলট তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে প্লেনটিকে ১০ হাজার ফুট উচ্চতায় নামিয়ে আনেন এবং নিরাপদে ঢাকায় ফেরার উদ্যোগ নেন। প্রায় এক ঘণ্টা পর, দুপুর ২টায় বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, অবতরণের পর যাত্রীদের টার্মিনালে নিয়ে যাওয়া হয় এবং তাদের জন্য বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানিয়েছে, সব যাত্রী নিরাপদে আছেন এবং তাদের দুর্ভোগ লাঘবে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে।
একজন যাত্রী জানান, পাইলট ও ক্রুরা দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছেন এবং নিরাপদ অবতরণ নিশ্চিত করেছেন।
এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া না গেলেও বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম নিশ্চিত করেছেন যে, ফ্লাইটটি ঢাকায় জরুরি অবতরণ করেছে।
খবরওয়ালা/এমবি