অতিরিক্ত ক্লাসের জন্য গিয়ে ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণির ছাত্রী, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

ঠাকুরগাঁওয়ে বিদ্যালয়ে অতিরিক্ত ক্লাস করতে গিয়ে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। আর এ ঘটনায় একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাম্মেল হক মানিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে ।

শনিবার (৮ মার্চ) দুপুরে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ী মাদারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সকালে বিদ্যালয়ে অতিরিক্ত ক্লাসের জন্য যায় ভুক্তভোগী শিক্ষার্থী। তাকে বাদে বাকি সব শিক্ষার্থীকে চলে যেতে বলেন শিক্ষক মানিক। সবাই চলে গেলে রুমে দরজা বন্ধ করে ধর্ষণ করেন তিনি। পরে তার মোটরসাইকেল করে সেই শিক্ষার্থীকে বাড়ির পাশে রেখে আসেন। ভুক্তভোগী শিক্ষার্থী বাড়িতে গিয়ে তার পরিবারের কাছে কান্নাকাটি করলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ভুক্তভোগী শিক্ষার্থীর মা বলেন, ‘স্কুল বন্ধ হওয়ার পর থেকে সে এক্সট্রা ক্লাসে যায়। আজকে যাওয়ার ৩০ মিনিট পরে সে বাড়ি চলে আসে। তারপর কান্নাকাটি করে মানিক মাস্টার তার সঙ্গে খারাপ কাজ করার কথা বলে। কেন আমার মেয়েটার সঙ্গে এমন কাজ করলেন। আমরা এর বিচার চাই।’

একই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী নয়ন ইসলাম বলেন, ‘মানিক স্যার এসব কাজ করার জন্য এক্সট্রা ক্লাস করান। আমাদের সময়ও এক মেয়েকে শ্লীলতাহানি করার জন্য ৬ মাস উনাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। আমরা শিক্ষক নামধারী এসব নরপিশাচের বিচার চাই।’

২৫০ শয্যার জেনারেল হাসপাতাল ঠাকুরগাঁওয়ের আবাসিক মেডিক্যাল অফিসার ডা রকিবুল আলম চয়ন বলেন, ‘এমন ঘটনায় একজন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছে। তার প্রাথমিক চিকিৎসা শেষ হয়েছে। বাকি পরীক্ষা নিরীক্ষা শেষে বিস্তারিত বলা যাবে।’

ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, ‘অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

খবরওয়ালা/আরডি

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।