অনুমতি ছাড়া জেলা ক্রিকেট সংস্থা গঠনকে অবৈধ ঘোষণা বিসিবির

দেশের বিভিন্ন অঞ্চলে ব্যক্তিগত ও গোষ্ঠীগত উদ্যোগে জেলাভিত্তিক নানা ক্রিকেট সংস্থা গঠন এবং আঞ্চলিক ক্রিকেটের উন্নয়ন ও আয়োজনের নামে কার্যক্রম পরিচালনার বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নজরে এসেছে। অনুমোদনহীন এসব স্বঘোষিত সংস্থার বিষয়ে এবার নিজেদের কঠোর ও স্পষ্ট অবস্থান ব্যক্ত করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
বুধবার (২৬ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, এ ধরনের কোনো সংস্থা, সংগঠন বা ব্যক্তিগত উদ্যোগের সঙ্গে বোর্ডের কোনো ধরনের সম্পর্ক, অনুমোদন, স্বীকৃতি বা সংশ্লিষ্টতা নেই। বিসিবির অনুমোদন ছাড়া এসব সংগঠনকে কোনোভাবেই স্বীকৃত ‘জেলা ক্রিকেট সংস্থা’ হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।
বিজ্ঞপ্তিতে বিসিবির সংবিধানের ৬.২ অনুচ্ছেদ স্মরণ করিয়ে দিয়ে বলা হয়, দেশব্যাপী ক্রিকেট সংগঠনের সুষম সম্প্রসারণ, গঠন ও সমন্বয়ের পূর্ণ এখতিয়ার কেবল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। বোর্ডের নির্ধারিত নিয়ম মেনে অঞ্চলভিত্তিক আঞ্চলিক ও জেলা ক্রিকেট সংস্থা গঠন নিশ্চিত করার বিধান সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।
এর পাশাপাশি সংবিধানের ৬.৪ অনুচ্ছেদ অনুযায়ী, অনুমোদিত ক্রিকেট সংস্থাসমূহকে স্বীকৃতি প্রদান এবং তাদের সার্বিক কার্যক্রম নিয়ন্ত্রণ করার ক্ষমতা কেবল বোর্ডের হাতেই ন্যস্ত। এতে আরও স্পষ্ট করা হয় যে, বিসিবি কর্তৃক গঠিত আঞ্চলিক ও জেলা ক্রিকেট সংস্থাসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের পরিচালনা ও তদারকি কেবল নির্ধারিত নিয়মে সম্পাদিত হবে।
সংবিধানের ৯.১ (খ) অনুচ্ছেদের দিকে ইঙ্গিত করে বিজ্ঞপ্তিতে বিসিবি উল্লেখ করে, একটি বৈধ জেলা ক্রিকেট সংস্থাকে অবশ্যই বোর্ডের তৈরি নীতিমালা ও বিধিমালা মেনে আত্মপ্রকাশ করতে হবে। একই সঙ্গে জাতীয় ক্রিকেট লিগ, জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ, জাতীয় যুব ও বয়সভিত্তিক ক্রিকেটে অংশগ্রহণের পাশাপাশি নিজ জেলায় নিয়মিত লিগ আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে।
তবে যেসব জেলায় এখনো প্রশাসনিক ও অবকাঠামোগত সুবিধাসহ পূর্ণাঙ্গ জেলা ক্রিকেট সংস্থা গঠিত হয়নি, সেসব স্থানে বিদ্যমান জেলা ক্রীড়া সংস্থাকেই সাময়িকভাবে ‘জেলা ক্রিকেট সংস্থা’ হিসেবে গণ্য করার নিয়ম রয়েছে।
বিসিবি স্পষ্টভাবে সতর্ক করে জানিয়েছে, বোর্ডের সাংবিধানিক বিধান ও অনুমোদন ব্যতিরেকে কোনো সংগঠন নিজেদের ‘জেলা ক্রিকেট সংস্থা’ হিসেবে দাবি বা প্রচার করলে তা সরাসরি বিসিবির সংবিধান পরিপন্থী এবং অবৈধ সংস্থা হিসেবে বিবেচিত হবে।
Tags :

Shakib

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।