খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫
খবরওয়ালা অনলাইন ডেস্ক: যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে গত ১৫ দিনে সারা দেশে ৮ হাজার ৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে আজ ৭৬৯ জনকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। অভিযানটি গত ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে।
পুলিশ সূত্র জানায়, শুক্রবার (২১ ফেব্রুয়ারি) থেকে আজ শনিবার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৭৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে এই বিশেষ অভিযানের বাইরে অন্যান্য মামলায় ৫৭২ জনকে গ্রেপ্তার করা হয়। এর আগের ২৪ ঘণ্টায় ডেভিল হান্টে সারা দেশে ৪৬১ জনকে গ্রেপ্তার করা হয়। গত ২৪ ঘণ্টার অভিযানে দেশে তৈরি একটি একনলা বন্দুক, দুইটি কার্তুজ, চারটি রামদা, দুইটি চাপাতি, একটি ছুরি, একটি এলজি ও একটি কেঁচি উদ্ধার করা হয়েছে।
প্রসঙ্গত, ৭ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে মুক্তিযুদ্ধবিষয়ক সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে সন্ত্রাসী আক্রমণের শিকার হন ১৫-১৬ শিক্ষার্থী। ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে এক সভায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন, শিক্ষার্থীরা ওই রাতে ডাকাতির খবর পেয়ে তা প্রতিহত করতে সেখানে গিয়েছিলেন। তখন তাদের ওপর আক্রমণ করা হয়। এ ঘটনায় আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
খবরওয়ালা/টিএ