আখাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মো. আসাদুল ইসলাম (২৮) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ইটনা সীমান্তে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ আসাদুল ইসলাম উপজেলার ইটনা গ্রামের বাসিন্দা ফেরদৌস মিয়ার ছেলে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসাদুল ইসলাম ইটনা সীমান্ত দিয়ে ভারতে ঢোকার সময় বিএসএফ সদস্যরা তাঁকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি ছোড়েন। একটি গুলি আসাদুলের বাম চোখের পাশে লাগে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান বলেন, ‘ভারত সীমান্তের ১২০ গজ ভেতরে অর্থাৎ ভারতীয় অংশে গুলির ঘটনাটি ঘটে। ওই ব্যক্তি ভারতের সীমান্তের ভেতর একটি ছোট নদী পার হওয়ার সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে  বিএসএফ। তার বাঁ চোখে গুলি লেগেছে বলে আমরা জানতে পেরেছি। তাকে চিকিৎসার জন্যে ব্রাহ্মণবাড়িয়ায় পাঠানো হয়েছে। তবে সে শঙ্কামুক্ত বলে জেনেছি।’

তিনি আরও জানান, এ ব্যাপারে আহত ব্যক্তির কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা চলছে। পাশাপাশি বিএসএফের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে। এ ঘটনায় বিকাল সাড়ে ৫টায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।