আগুনে পুড়ে গেলো ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ ও ‘শান্তির পায়রা’ মোটিফ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষের শোভাযাত্রা উদ্‌যাপনের জন্য বানানো মোটিফ ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ ও ‘শান্তির পায়রা আগুনে পুড়ে গেছে।  আজ শনিবার সকালে চারুকলা অনুষদে গিয়ে দেখা যায় আগুনে দানবীয় ফ্যাসিবাদী মুখাকৃতির মোটিফটি পুরোপুরি পুড়ে গেছে আর শান্তির পায়রা মোটিফটি আংশিক পুড়ে গেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, ভোর পৌনে পাঁচটা থেকে পাঁচটার মধ্যে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। কারণ, তখন দায়িত্বরত মোবাইল টিমের সদস্যরা ফজরের নামাজ আদায়ের জন্য গিয়েছিলেন। তখনই হয়তো এ কাজ করা হয়েছে।

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম বলেন, ভোরে আগুন লেগে এমনটি হয়েছে। দুটি মোটিফ পুড়ে যাওয়ার বিষয়টি তিনিও জানান।

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে এবার নববর্ষের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারকার প্রধান মোটিফ ছিল ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’। এটির উচ্চতা ২০ ফুট। এই মোটিফে বাঁশ ও বেত দিয়ে দাঁতাল মুখের এক নারীর মুখাবয়ব বানানো হয়। মাথায় খাড়া চারটি শিং, হাঁ করা মুখ, বিশালাকৃতির নাক ও ভয়ার্ত দুটি চোখ। এটিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি হিসেবে ধারণা করেছিলেন অনেকে।

শুরু থেকেই ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ নিয়ে তীব্র বিতর্ক এবং সমালোচনার সৃষ্টি হয়। সর্বজনীন বাঙালির একটি বর্ষবরণ উৎসবে দেশের একজন সাবেক প্রধানমন্ত্রীর চেহারাকে বিকৃত করে মোটিফ তৈরি করা ছিল বর্ষবরণ ইতিহাসে প্রথম কোন ঘটনা। এ ধরণের গর্হিত কাজকে দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে বুদ্ধিজীবী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি কেউই মেনে নিতে পারেননি। কুচক্রী এবং প্রতিক্রয়াশীল একটি মহল দেশের মর্যাদা ক্ষুন্ন করা এবং বর্ষবরণকে বিতর্কিত করার জন্যই এই অপপ্রয়াস চালিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

 

খবরওয়ালা/এমএজেড
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।