খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ মার্চ ২০২৫
খবরওয়ালা অনলাইন ডেস্ক: চ্যাম্পিয়নস ট্রফি থেকে ব্যর্থতা আর পরাজয়ের গ্লানি নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। এখানে চাওয়া-পাওয়ার কোন হিসাব নিকাশ থাকার কথা নয়। তবুও একটা সুখবর উঁকি মারছে নাজমুলদের জন্য! আর সেটি হলো ইংল্যান্ড–দক্ষিণ আফ্রিকা ম্যাচে ইংল্যান্ড হেরে গেলে বাংলাদেশ কিছু বাড়তি টাকা পাবে।
আইসিসি ঘোষিত প্রাইজমানি অনুযায়ী সপ্তম ও অষ্টম দল প্রাইজমানি পাবে ১ লাখ ৪০ হাজার ডলার (প্রায় ১ কোটি ৬৯ লাখ ১৫ হাজার ৪০১ টাকা) করে। এ ছাড়া প্রতিটি দল টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য পাবে ১ লাখ ২৫ হাজার ডলার (প্রায় ১ কোটি ৫১ লাখ ৩ হাজার ৩৭ টাকা) করে। মানে বাংলাদেশ দলের কোষাগারে প্রায় ৩ কোটি টাকা এরই মধ্যে চলে এসেছে।
ইংল্যান্ড যদি আজ দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যায়, তাহলে শূন্য পয়েন্ট নিয়েই ফিরতে হবে তাদের। পাকিস্তানের সঙ্গে ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় বাংলাদেশ এক পয়েন্ট পেয়েছে, স্বাগতিকদের পয়েন্ট সমান হলেও নাজমুল হোসেনদের চেয়ে রান রেটে পিছিয়ে আছে তারা।
এখন পুরো টুর্নামেন্ট মিলিয়ে বাংলাদেশ আছে সপ্তম স্থানে। ইংল্যান্ড হেরে গেলে বাংলাদেশ এক ধাপ এগিয়ে হবে ষষ্ঠ। তখন প্রাইজমানি হিসেবে বাংলাদেশ পাবে ৪ কোটি ২২ লাখ ৮৮ হাজার টাকা। অর্থাৎ আগের চেয়ে প্রায় তিন কোটি টাকা বেশি পাবে বাংলাদেশ। দেশে ফিরে এলেও তাই নাজমুলরা মনে মনে ইংল্যান্ডের হার চাইতেই পারেন।
খবরওয়ালা/ এমএজেড