আন্তর্জাতিক স্কোয়াশে চ্যাম্পিয়ন মিসরের জিয়াদ, বসুন্ধরা স্পোর্টস সিটিতে টুর্নামেন্ট সম্পন্ন

ক্রীড়াঙ্গনের আধুনিক কেন্দ্রস্থল বসুন্ধরা স্পোর্টস সিটিতে আজ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামল ‘বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ২০২৬’ প্রতিযোগিতার। টুর্নামেন্টের বহুকাক্সিক্ষত ও উত্তেজনাকর ফাইনালে একক আধিপত্য দেখিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন মিসরের পেশাদার স্কোয়াশ তারকা জিয়াদ ইব্রাহিম। ফাইনালে তিনি শ্রীলঙ্কার রভিন্দ্র লক্ষ্মীশ্রীকে সরাসরি ৩-০ সেটে হারিয়ে ট্রফি নিজের নামে করে নেন।

পাঁচ দিনব্যাপী আয়োজিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় এশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের শীর্ষ পর্যায়ের ক্রীড়াবিদরা অংশ নেন। টুর্নামেন্টজুড়ে কোয়ার্টারের তীব্র লড়াই থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত ছিল টানটান উত্তেজনা ও কৌশলগত দক্ষতা প্রদর্শনের সুযোগ। স্বাগতিক বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যেও দেখা গেছে নৈপুণ্যের ছাপ। প্রতিযোগিতায় দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে বাংলাদেশের সেরা খেলোয়াড়ের বিশেষ সম্মাননা অর্জন করেন প্রতিভাবান তরুণ স্কোয়াশ তারকা পারভেজ করিম।

খেলার সমাপ্তি শেষে এক বর্ণাঢ্য আয়োজনে বিজয়ী ও বিজিত খেলোয়াড়দের হাতে ট্রফি, পদক এবং প্রাইজমানির অর্থ তুলে দেওয়া হয়। আন্তর্জাতিক এই আসরের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মুহা. হাসান-উজ-জামান, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল। তিনি বিজয়ী জিয়াদ ইব্রাহিম এবং রানার্সআপ রভিন্দ্র লক্ষ্মীশ্রীর হাতে ট্রফি তুলে দেন।

পুরস্কার বিতরণী মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক এই টুর্নামেন্টের প্রমোটর ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম, এসপিপি (অবসরপ্রাপ্ত) এবং বসুন্ধরা স্পোর্টস সিটির ঊর্ধ্বতন নির্বাহী পরিচালক কর্নেল মহাসিনুল করিম। এছাড়া দেশি-বিদেশি বিভিন্ন ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও স্কোয়াশপ্রেমীরা এ সময় গ্যালারি মাতিয়ে রাখেন।

এবারের প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশসহ বিশ্বের মোট ১১টি দেশ থেকে ২৪ জন পেশাদার স্কোয়াশ তারকা অংশ নিয়েছিলেন। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দেশগুলোর তালিকায় ছিল বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, হংকং, সিঙ্গাপুর, ইরান, কুয়েত, বাহরাইন, মিসর, জাপান ও জার্মানি। নিজ দেশের মাটিতে লাল-সবুজের প্রতিনিধিত্ব করার সুযোগ পান তিন তরুণ খেলোয়াড়—আমিনুল, সাইমন ও পারভেজ করিম। তারা বিশ্বের শীর্ষ তারকাদের বিপক্ষে লড়ে অভিজ্ঞতা সঞ্চয় করেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে আয়োজক কমিটির প্রতিনিধিরা দেশের স্কোয়াশ খেলার গতিপ্রকৃতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ব্যক্ত করেন। তারা তুলে ধরেন যে, বিগত পাঁচ বছরে বাংলাদেশে স্কোয়াশের অবকাঠামো এবং খেলোয়াড় তৈরিতে দৃশ্যমান ও উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। এই ধারা বজায় রেখে ২০৩২ সালের অলিম্পিক গেমসে সরাসরি অংশ নেওয়ার সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে দেশের স্কোয়াশ ফেডারেশন ও স্পন্সর প্রতিষ্ঠানগুলো। আন্তর্জাতিক মানের এমন নিয়মিত টুর্নামেন্ট আয়োজন স্থানীয় খেলোয়াড়দের আন্তর্জাতিক অভিজ্ঞতা বাড়াতে ও মানোন্নয়নে বড় অনুঘটক হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।