আফগানিস্তানে ভূমিকম্পে লাশের সংখ্যা বেড়ে ৬২২

আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬.০ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২২ জনে। আহত হয়েছেন এক হাজারেরও বেশি মানুষ। সোমবার (১ সেপ্টেম্বর) তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। ভূমিকম্পে বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং কিছু বাড়ি ‘ধ্বংসস্তূপের নিচে’ চাপা পড়েছে। কয়েকটি গ্রাম সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর প্রকাশ করেছে।

তালেবান সরকারের সূত্র অনুযায়ী, এলাকাটি দুর্গম হওয়ায় সঠিক হিসাব দেওয়া কঠিন। কর্মকর্তারা তাই হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছেন এবং বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করছেন।

স্থানীয়রা জানিয়েছেন, ভূমিকম্পের উপকেন্দ্রের কাছাকাছি ভূমিধসের কারণে কিছু এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে, ফলে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ মূল্যায়ন করতে দীর্ঘ সময় লাগবে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রবিবার (৩১ আগস্ট) রাত ১১টা ৪৭ মিনিটে পাকিস্তান সীমান্ত সংলগ্ন পার্বত্য প্রদেশ কুনারে ভূমিকম্পটি আঘাত হানে। এর গভীরতা ছিল তুলনামূলকভাবে কম, মাত্র ৮ কিলোমিটার (৬ মাইল)।

ওই ভূমিকম্পের পর রাতে নানগারহার ও কুনার প্রদেশে অন্তত ১৩টি পরাঘাত অনুভূত হয়েছে বলে স্থানীয়রা বিবিসিকে জানিয়েছেন।

ভূমিকম্পের পর উদ্ধার অভিযান চলছে। তবে দুর্গম পার্বত্য এলাকায় অনেক জায়গায় ভূমিধসে সড়ক বন্ধ হয়ে যাওয়ায় উদ্ধারকাজে ব্যাঘাত ঘটছে। তালেবান সরকারের কর্মকর্তারা আকাশপথে উদ্ধার অভিযানে সহায়তার জন্য আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

ভূমিকম্পের উপকেন্দ্র ছিল নানগারহার প্রদেশের জালালাবাদ শহর থেকে প্রায় ২৭ কিলোমিটার (১৭ মাইল) দূরে। জালালাবাদ আফগানিস্তানের পঞ্চম বৃহত্তম শহর।

এই ভূমিকম্প লাঘমান প্রদেশেও প্রভাব ফেলেছে। উপকেন্দ্র থেকে প্রায় ১৪০ কিলোমিটার (৮৭ মাইল) দূরে অবস্থিত রাজধানী কাবুলেও পরাঘাত অনুভূত হয়েছে। এমনকি প্রায় ৪০০ কিলোমিটার দূরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও কম্পন অনুভূত হয়েছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।