আল-আকসায় হাজারো ফিলিস্তিনির ঈদের নামাজ আদায়

অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন হাজারো ফিলিস্তিনি।

শুক্রবার (৬ জুন) সকালে স্থানীয় সময় মুসল্লিরা আল-আকসা মসজিদে সমবেত হন এবং সুশৃঙ্খলভাবে ঈদের নামাজ আদায় করেন।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, নামাজ শেষে একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা। ঈদের জামাতে অংশ নেয় বহু শিশুও।

ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে পরিচিত আল-আকসা মসজিদ শুধু ধর্মীয় স্থান নয়, ফিলিস্তিনিদের রাজনৈতিক ও জাতীয় পরিচয়ের প্রতীকও বটে। ঈদুল আজহার দিনে এখানে নামাজ আদায় ফিলিস্তিনিদের জন্য এক ধর্মীয় ও ঐতিহ্যবাহী আচার।

এদিকে গাজায় চলমান যুদ্ধের মধ্যেই টানা দ্বিতীয়বারের মতো ঈদুল আজহা উদযাপন করছেন উপত্যকার বাসিন্দারা। ইসরায়েলের ধ্বংসযজ্ঞের মধ্যে মানবিক সংকট, অনিশ্চয়তা ও গভীর বেদনার মধ্য দিয়ে ঈদ পালন করছেন তারা।

আল জাজিরা জানায়, দক্ষিণ গাজার খান ইউনিসে কিছু যুবক ও শিশুকে ঈদের নামাজ আদায় করতে দেখা গেছে।

এছাড়া গাজায় ইসরায়েলি হামলায় আহত কিছু ফিলিস্তিনি কাতারের রাজধানী দোহায় ঈদের নামাজ আদায় করেছেন। ফিলিস্তিনি চিত্র সাংবাদিক বিলাল খালেদ ইনস্টাগ্রামে এক ভিডিও শেয়ার করেছেন, যেখানে দোহার আল-থুমামা কমপ্লেক্সে কয়েক ডজন শিশুকে ঈদের নামাজে অংশ নিতে দেখা যায়।

আল জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়, ঈদের দিনেও গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। দক্ষিণ গাজায় এক শিশুর মৃত্যু হয়েছে সেনাবাহিনীর গুলিতে।

শুক্রবার সকালে খান ইউনিস ছাড়াও মধ্য গাজার নুসাইরাত শরণার্থী শিবির এবং গাজা শহরের পূর্বাঞ্চল তুফাহ পাড়ায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন।

খবরওয়ালা/এন

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।