খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই ২০২৬
বেসরকারি খাতের আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদে বড় ধরনের পরিবর্তন এসেছে। ব্যাংকটির আগের স্বতন্ত্র পর্ষদের সাথে নতুন করে আরও ১৪ জন উদ্যোক্তা শেয়ারহোল্ডারকে পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আজ বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। এর ফলে ব্যাংকটির পরিচালনা পর্ষদ যেমন পূর্ণতা পেল, তেমনি মালিকপক্ষের হাতে পুনরায় ব্যাংকের দায়িত্ব ফিরে আসার পথ সুগম হলো।
গত ২০২৪ সালের আগস্ট মাসে রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের বেশ কয়েকটি ব্যাংকের মতো আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদও ভেঙে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। এরপর থেকে কেবল ৫ জন স্বতন্ত্র পরিচালক দিয়ে ব্যাংকটির নীতিনির্ধারণী কার্যক্রম চালানো হচ্ছিল।
আজ নতুন করে ১৪ জন উদ্যোক্তা শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে পর্ষদে যুক্ত হওয়ায় ব্যাংকটির মোট পরিচালক সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে। বর্তমান স্বতন্ত্র পরিচালকদের পাশাপাশি এই নতুন প্রতিনিধিরা ব্যাংকটির সার্বিক ব্যবসায়িক ও প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে সরাসরি অংশ নেবেন। পর্ষদের সদস্যরা দ্রুতই নিজেদের মধ্যে বৈঠকের আয়োজন করে সর্বসম্মতিক্রমে ব্যাংকের নতুন চেয়ারম্যান নির্বাচন করবেন।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, গত বছর দেশের যে ১৬টি ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়ে পুনর্গঠন করা হয়েছিল, তার মধ্যে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের আর্থিক সূচক ও সামগ্রিক অবস্থান অন্যান্য ব্যাংকের চেয়ে দ্রুত উন্নতি করেছে।
তিনি বলেন, পর্ষদ ভেঙে দেওয়া অন্য ব্যাংকগুলোর অনেক উদ্যোক্তা বা মূল মালিককে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ক্ষেত্রে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। এখানকার উদ্যোক্তা ও শেয়ারহোল্ডাররা শুরু থেকেই ব্যাংকের বিপর্যয় কাটিয়ে উঠতে দায়িত্বশীল ভূমিকা রেখেছেন। ব্যাংকের আর্থিক ভিত্তি আগের চেয়ে অনেক সুসংহত হওয়ায় এবং মালিকদের সদিচ্ছা থাকায় কেন্দ্রীয় ব্যাংক পুনরায় তাঁদের হাতে পরিচালনা পর্ষদের দায়িত্ব আংশিক ফিরিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত নিয়েছে।
নতুন করে অন্তর্ভুক্ত হওয়া ১৪ জন পরিচালকের মধ্যে ৩ জনই দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী কেডিএস গ্রুপের প্রতিনিধি। তাঁরা হলেন—কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান, কেডিএস গার্মেন্টসের প্রতিনিধি পরিচালক মাহবুব আহমেদ এবং কেডিএস টেক্সটাইলসের প্রতিনিধি পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ।
এছাড়া কেওয়াই স্টিল মিলের পক্ষে প্রতিনিধি পরিচালক হিসেবে যুক্ত হয়েছেন শরিফ উদ্দিন তসলিম। অন্য নতুন পরিচালকেরা হলেন—বদিউর রহমান, মো. এনায়াত উল্লা, সেলিম রহমান, আহামেদুল হক, মো. রফিকুল ইসলাম, মোহাম্মদ ইমাদুর রহমান, নাজমুল আহসান খালেদ, আনোয়ার হোসাইন, মোহাম্মদ আবদুস সালাম এবং লিয়াকত আলী চৌধুরী।
উদ্যোক্তা পরিচালকেরা যুক্ত হলেও ব্যাংকের আগের পাঁচজন স্বতন্ত্র পরিচালক তাঁদের দায়িত্বে বহাল থাকছেন। তাঁরা হলেন—বর্তমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খাজা শাহরিয়ার, মো. শাহীন উল ইসলাম, মো. আব্দুল ওয়াদুদ, ড. এম আবু ইউসুফ এবং মোহাম্মদ আশরাফুল হাসান।
খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, অভিজ্ঞ পেশাদার স্বতন্ত্র পরিচালকদের সাথে পুরোনো উদ্যোক্তা পরিচালকদের এই সমন্বয় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের গ্রাহক আস্থা বাড়াতে এবং ব্যাংকিং কার্যক্রমকে আরও গতিশীল করতে সাহায্য করবে।