সোমবার (২৩ নভেম্বর) সকালে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় এ ঘটনা ঘটে। শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভের মধ্য দিয়ে পরিস্থিতির সূত্রপাত হয়।
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া দুপুর পৌনে ১২টার দিকে জানান, সকাল ৮টার দিকে শ্রমিকরা কারখানায় উপস্থিত হয়ে কাজ বন্ধ রাখেন এবং উৎপাদন ফ্লোরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। তাঁদের দাবির মধ্যে ছিল ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সকাল ৮টা ৫০ মিনিটের দিকে সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে। ছুটি ঘোষণার পর শ্রমিকদের একটি অংশ কারখানার ১ নম্বর গেটের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
এ সময় সাভার সরকারি কলেজের শিক্ষার্থীদের বহনকারী আলিফ পরিবহনের একটি বাস কারখানার সামনে দিয়ে যাওয়ার সময় শ্রমিকদের সঙ্গে বাসের সংশ্লিষ্টদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তেজিত শ্রমিকরা বাসটিতে ভাঙচুর চালান। একই সঙ্গে পাশের দুটি কারখানায় হামলার চেষ্টা করেন তাঁরা।
পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা দেখা দিলে শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। এ সময় এলাকায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শ্রমিকদের একটি অংশ সড়কে অবস্থান নিয়ে অবরোধের চেষ্টা চালায় বলেও জানা গেছে।
আহত তিন নারী শ্রমিক
সংঘর্ষ ও ছত্রভঙ্গের সময় তিন নারী শ্রমিক আহত হন। তাঁদের মধ্যে একজন রাস্তায় পড়ে মাথায় আঘাত পান। অন্য দুজনের পায়ে আঘাত লাগে। আহতদের চিকিৎসার জন্য আশুলিয়া নারী ও শিশু স্বাস্থ্য হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালের ব্যবস্থাপক (অপারেশন) হারুন অর রশিদ দুপুরে জানান, তিন নারী শ্রমিক পায়ে আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু অভিযোগ করেন, শ্রমিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। তাঁর দাবি, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সাদা পোশাকে থাকা বহিরাগত ব্যক্তিরাও শ্রমিকদের লাঠিপেটা করেছেন।
উৎপাদন বন্ধ ৫৩ কারখানায়
শ্রমিক অসন্তোষের প্রভাবে আশুলিয়া শিল্পাঞ্চলের ৫৩টি কারখানায় সোমবার উৎপাদন বন্ধ রয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক না হলে বন্ধ কারখানার সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।
এসপি মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সাভার উপজেলার আশুলিয়ার বিভিন্ন এলাকায় ৩১টি কারখানায় কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করেছে। অন্যদিকে, বাংলাদেশ শ্রম আইনের ১৩ (১) ধারায় ২২টি কারখানা এখনো বন্ধ রয়েছে।
শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে আশুলিয়ার শিল্পাঞ্চলে কয়েক দিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। শ্রমিকদের দাবি, বর্তমান জীবনযাত্রার ব্যয় বিবেচনায় তাঁদের ন্যূনতম মজুরি বাড়ানো প্রয়োজন। অন্যদিকে, বিক্ষোভ ও নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে।
শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের এমন পরিস্থিতিতে একদিকে শ্রমিকদের দাবি ও অধিকার নিয়ে আলোচনা, অন্যদিকে কারখানার নিরাপত্তা এবং উৎপাদন স্বাভাবিক রাখার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।



