খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ মার্চ ২০২৫
আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫-এর ১৮তম আসরের অধিনায়কদের তালিকা চূড়ান্ত হয়েছে। এবারের আসরে অধিনায়ক নিয়ে বেশ কয়েকটি চমকপ্রদ সিদ্ধান্তও নেয়া হয়েছে।
আগামী ২২ মার্চ থেকে এবারের আসর মাঠে গড়াবে। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে তাদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
দেখে নেয়া যাক, কোন দল কাকে অধিনায়ক ঘোষণা করেছে।
কলকাতা নাইট রাইডার্স (অজিঙ্কা রাহানে)
১ কোটি ৫০ লাখ রুপি ভিত্তিমূল্যে দলে নেওয়া অজিঙ্কা রাহানের কাঁধেই এবার থাকছে বর্তমান চ্যাম্পিয়নদের নেতৃত্ব দেওয়ার ভার।তার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় কেকেআর।
চেন্নাই সুপার কিংস (রুতুরাজ গায়কোয়াড়)
গত মৌসুমেও চেন্নাইকে নেতৃত্ব দিয়েছিলেন গায়কোয়াড়। এবারও ধোনি-জাদেজাদের নেতৃত্ব থাকছেন তিনি।
গুজরাট টাইটানস (শুভমান গিল)
২০২৪ সাল থেকেই গুজরাটের অধিনায়ক গিল। ভারতীয় দলে সহ-অধিনায়কের ভূমিকায় থাকা গিলকে ঘিরে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে গুজরাট।
লক্ষণৌ সুপার জায়ান্টস (ঋষভ পন্ত)
মেগা নিলাম থেকে রেকর্ড ২৭ কোটি রুপি খরচ করে ঋষভ পন্তকে দলে নিয়েছে লক্ষ্ণৌ। আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটারের কাঁধেই থাকছে লক্ষ্ণৌর নেতৃত্বের ভার।
দিল্লি ক্যাপিটালস (অক্ষর প্যাটেল)
ঋষভ পন্ত দিল্লী ছাড়ায় নতুন অধিনায়ক খুঁজতে হয়েছে দিল্লীকেও। নতুন করে দলে নেওয়া রাহুলই দিল্লীর নতুন অধিনায়ক হবেন এমনটাই ভেবেছিলেন অনেকেই। তবে ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক হওয়ার প্রস্তাবে সম্মত হননি রাহুল। তাই দলটির অধিনায়ক হিসেবে অক্ষর প্যাটেলের নাম ঘোষণা করা হয়েছে।
মুম্বাই ইন্ডিয়ানস (হার্দিক পান্ডিয়া)
গত মৌসুমে রোহিত শর্মাকে সরিয়ে মুম্বাইয়ের অধিনায়ক হন পেস অলরাউন্ডার হার্দিক। এবারও তার হাতেই নেতৃত্বের ব্যাটন থাকছে।
পাঞ্জাব কিংস (শ্রেয়াস আইয়ার)
প্রীতি জিনতার দলে এবার নতুন ভরসা শ্রেয়াস আইয়ার। গতবার কলকাতাকে চ্যাম্পিয়ন করা শ্রেয়াস আইয়্যার এবার নতুন মিশনে। তার কাঁধে থাকছে পাঞ্জাব কিংসকে চ্যাম্পিয়ন করার দায়িত্ব।
রাজস্থান রয়্যালস (সঞ্জু স্যামসন)
এবারও রাজস্থানের অধিনায়ক থাকছেন সাঞ্জু স্যামসনই।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (রজত পাতিদার)
এবারের সবচেয়ে বড় চমক হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। অনেকেই ধারণা করেছিলেন আরসিবির নেতৃত্বে আবারও ফিরবেন বিরাট কোহলি। তবে তা হচ্ছে না। দলটির নেতা হচ্ছেন রজত পাতিদার। তার অধীনে খেলবেন বিরাট কোহলি, ভুবনেশ্বর কুমার, লিয়াম লিভিংস্টোনরা।
সানরাইজার্স হায়দরাবাদ (প্যাট কামিন্স)
এবারের আসরের একমাত্র বিদেশি অধিনায়ক কামিন্স। গত আইপিএলে তার নেতৃত্বে হায়দরাবাদ ফাইনালে খেলেছিল।
খবরওয়ালা/এমবি