ইউক্রেনের হামলায় রুশ নৌবাহিনীর উপপ্রধান নিহত

ইউক্রেনীয় বাহিনীর হামলায় রাশিয়ার কুরস্ক অঞ্চলে দেশটির নৌবাহিনীর উপপ্রধান এবং ইউক্রেনবিরোধী এক ব্রিগেডের প্রধান মেজর জেনারেল মিখাইল গুদকভ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাশিয়ার প্রিমোরি অঞ্চলের গভর্নর ওলেগ কোঝেমিয়াকো এ তথ্য নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের।

রুশ ও ইউক্রেনীয় সামরিক সংশ্লিষ্ট একাধিক টেলিগ্রাম চ্যানেলের বরাত দিয়ে জানানো হয়, কুরস্কের সীমান্তবর্তী কোরেনেভো এলাকায় একটি সামরিক চৌকিতে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১০ জন রুশ সেনা নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন গুদকভও।

৪২ বছর বয়সী গুদকভ রুশ নৌবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় বহরের অধীন ১৫৫তম মেরিন ব্রিগেডের নেতৃত্ব দিচ্ছিলেন, যারা বর্তমানে কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে সক্রিয় লড়াইয়ে অংশ নিচ্ছে।

গভর্নর কোঝেমিয়াকো বলেন, ‘গুদকভ দীর্ঘদিন আমার পরিচিত। দায়িত্ব পালনের সময় তিনি শত্রুপক্ষের হামলায় নিহত হয়েছেন। তিনি নৌবাহিনীর উপপ্রধান হওয়ার পরও মাঠপর্যায়ের সেনাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতেন।’

মেজর জেনারেল গুদকভ ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই সক্রিয় ছিলেন এবং সাহসিকতার জন্য রুশ রাষ্ট্রীয় সর্বোচ্চ পদক ‘হিরো অব দ্য রাশিয়ান ফেডারেশন’ লাভ করেন। তবে ইউক্রেন সরকার তাকে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত করেছিল।

চলতি বছরের মার্চে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে নৌবাহিনীর উপপ্রধান পদে নিয়োগ দেন। ২০২৪ সালের আগস্টে ইউক্রেনীয় বাহিনী কুরস্ক অঞ্চলের কিছু অংশে হঠাৎ হামলা চালিয়ে অগ্রসর হয়। পরে রাশিয়া দাবি করে, তারা ওই অঞ্চল পুনরুদ্ধার করেছে। যদিও সীমান্ত এলাকায় এখনও সংঘর্ষ অব্যাহত রয়েছে।

এ ঘটনার পর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কিংবা ইউক্রেনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।