ইতালি যাওয়ার পথে নৌকাডুবিতে ২৬ অভিবাসীর মৃত্যু

ইতালির লাম্পেদুসা দ্বীপের কাছাকাছি আন্তর্জাতিক জলসীমায় অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। আরও ডজনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। বুধবার (১৩ আগস্ট) এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইতালির কোস্টগার্ড ও জাতিসংঘের সংস্থাগুলোর বরাতে জানা গেছে, প্রায় একশো অভিবাসী নিয়ে নৌকাটি লিবিয়া থেকে যাত্রা করেছিল। যাত্রাপথে একটি নৌকায় পানি ঢুকতে শুরু করলে যাত্রীদের অপর একটি ফাইবারগ্লাসের নৌকায় স্থানান্তর করা হয়। অতিরিক্ত যাত্রী বহনের কারণে সেটি ডুবে যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৯২ থেকে ৯৭ জন অভিবাসী দুটি নৌকায় যাত্রা করেছিলেন। ইতালির কোস্টগার্ড নিশ্চিত করেছে, এ ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজদের খোঁজে উদ্ধার অভিযান চলছে।

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের ইতালিস্থ মুখপাত্র ফিলিপ্পো উঙ্গারো জানান, উদ্ধার হওয়া ৬০ জনকে লাম্পেদুসার একটি অভিবাসন কেন্দ্রে নেওয়া হয়েছে। লাম্পেদুসার মেয়র ফিলিপ্পো মাননিনো জানান, ভোরে এই নৌকাডুবি ঘটে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত মধ্য ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ৬৭৫ জন প্রাণ হারিয়েছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানায়, গত এক দশকে এই পথে প্রায় ২৪ হাজার ৫০০ অভিবাসী মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন, যাদের অধিকাংশই তিউনিসিয়া ও লিবিয়া উপকূল থেকে ছোট নৌকায় যাত্রা করেছিলেন।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এক বিবৃতিতে বলেন, এই মর্মান্তিক ঘটনা মনে করিয়ে দেয় যে শুধুমাত্র উদ্ধার অভিযান যথেষ্ট নয়; মূল সমস্যার সমাধানে আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন। তিনি মানব পাচারকারীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার এবং অভিবাসন প্রবাহ নিয়ন্ত্রণে রাখার প্রতিশ্রুতি দেন।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।