খবরওয়ালা আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
ইরানের নাতাঞ্জ শহরের একটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েলের বিমানবাহিনী। বুধবার (১৮ জুন) রাতে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। তাদের ভাষ্য অনুযায়ী, এই স্থাপনাটি পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ব্যবহৃত হতো। খবর বিবিসি।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, উক্ত স্থাপনাটিতে এমন যন্ত্রাংশ ও উপকরণ ছিল, যেগুলো পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহারযোগ্য। সেখানে এমন প্রকল্পও চলছিল, যা ইরানের পারমাণবিক কর্মসূচিকে ত্বরান্বিত করত।
এর আগেও নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে হামলা হয়েছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, নাতাঞ্জে অবস্থিত ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে থাকা সেন্ট্রিফিউজগুলো হয়ত সম্পূর্ণ ধ্বংস হয়নি, তবে ‘গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত’ হয়েছে। তিনি ধারণা করেন, এটি ইসরায়েলের আগের সপ্তাহের হামলার ফল।
ইসরায়েল দাবি করেছে, ইরান তাদের ইউরেনিয়াম মজুদকে এমন মাত্রায় সমৃদ্ধ করছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির পথে একটি বিপজ্জনক অগ্রগতি—যদিও তা বিদ্যুৎ উৎপাদনেও ব্যবহারযোগ্য।
অন্যদিকে, ইরান দাবি করেছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। রবিবার, ইরান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) ৩৫ জাতির বোর্ডকে আহ্বান জানিয়েছে, যেন তারা ইসরায়েলের এই হামলার ‘তীব্র নিন্দা’ জানায়।
খবরওয়ালা/আরডি