খবরওয়ালা আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর ২০২৫
ফিলিস্তিনের গাজামুখী মানবিক সহায়তা বহনকারী ফ্লোটিলায় যোগ দেওয়ার পর ইসরায়েলের হাতে আটক হয়েছেন চারজন ফরাসি বামপন্থী সংসদ সদস্য।
আটক অবস্থায় তাঁরা অনশন শুরু করেছেন বলে জানিয়েছে তাঁদের দল ‘ফ্রান্স আনবাউড’।
রোববার ফরাসি গণমাধ্যম ফ্রান্সইনফোকে দেওয়া সাক্ষাৎকারে ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ম্যানন ওব্রি বলেন, “আমরা তাঁদের কাছ থেকে কোনো সরাসরি খবর পাইনি। কেবল আইনজীবী ও ফরাসি কনসালের মাধ্যমে সংক্ষিপ্ত যোগাযোগ সম্ভব হয়েছে।” তিনি জানান, আটক এমপিদের দুরবস্থা অত্যন্ত নাজুক; ১০ জনেরও বেশি মানুষকে একেকটি সেলে রাখা হয়েছে, যেখানে পানি পাওয়াও কষ্টকর।
ফ্রান্স আনবাউডের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় সংসদের সদস্য ফ্রাঁসোয়া পিকেমাল ও মারি মেসম্যর এবং ইউরোপীয় পার্লামেন্টের সদস্য রিমা হাসান ও এমা ফুরো ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে অনশন শুরু করেছেন। দলটির নেতা জঁ-লুক মেলঁশো ফরাসি সরকারের নিষ্ক্রিয়তার নিন্দা জানিয়ে এক্স (টুইটার)-এ লেখেন, “অন্যান্য দেশের নাগরিকদের ফিরিয়ে নেওয়া হলেও আমাদের সংসদ সদস্যদের উপেক্ষা করা হচ্ছে।”
ফ্লোটিলায় থাকা আটক ব্যক্তিদের মধ্যে প্রায় ৩০ জন ফরাসি নাগরিক রয়েছেন। ৪৫টি নৌযানের এই বহরটি গাজার অবরোধ ভেঙে ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা পৌঁছানোর চেষ্টা করছিল।
অন্যদিকে মাখোঁ সরকারের সাবেক মন্ত্রী ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্য নাথালি লুইজো বলেছেন, “ফ্রান্স তার দায়িত্ব পালন করছে এবং কনসুলার সুরক্ষা দিচ্ছে।” তবে তিনি ফ্রান্স আনবাউডের ফ্লোটিলায় অংশগ্রহণকে “উদ্বেগজনক” উল্লেখ করে প্রশ্ন তুলেছেন “এটা কি সত্যিই মানবিক প্রচেষ্টা, নাকি কেবল আত্মপ্রচারের কৌশল?”
খবরওয়ালা/আশ