এই কলম্বিয়া হারে না!

ক্রীড়া ডেস্ক ॥ ২০২২ সালের ফেব্রুয়ারিতে আর্জেন্টিনার কাছে হারের পর অজেয় যাত্রা অব্যাহত রেখেছে কলম্বিয়া। ব্রাজিল, জার্মানি, উরুগুয়ে, স্পেনের মতো বড় দলগুলোকে হারিয়ে টানা ২৮ ম্যাচ ও দুই বছরের বেশি সময় ধরে অপরাজিত তারা। লাতিনের দলটির এমন সাফল্যের পেছনের কারিগর একজন আর্জেন্টাইন, তিনি নেস্তর লরেন্সো। ২৮টি অজেয় ম্যাচের ২৬টিই এই কোচের অধীনে।হামেস রোদ্রিগেসরাও তাঁর কৌশলের সঙ্গে দারুণভাবে মানিয়ে নিয়ে ২৩ বছর পর দলকে তুলেছেন কোপা আমেরিকার ফাইনালে। আর্জেন্টিনার শিরোপার পথে লরেন্সোর কৌশল তাই বড় বাধা হতে যাচ্ছে।কিন্তু যখন লরেন্সোকে দায়িত্ব দেওয়া হয়, তখন কলম্বিয়ার ফুটবলাঙ্গনের অনেকেই ক্ষোভ ঝেড়েছিলেন। কলম্বিয়ার সাবেক কোচ হোর্হে পিন্টো যেমন বলেছিলেন, এই দল পরিচালনার মতো ‘দক্ষতা’ নেই তাঁর। যাঁর ছিল না জাতীয় দলে কাজ করার অভিজ্ঞতা, ক্লাব ফুটবলেও প্রধান কোচ হিসেবে কাজ করেছেন বছরখানেক। সমালোচনা অবশ্য ছুঁতে পারেনি লরেন্সোকে। নিজের কাজটা করে গেছেন আপন মহিমায়। দায়িত্ব নিয়েই নতুন সাজে গড়েছেন দল।অভিজ্ঞদের সঙ্গে প্রাধান্য দিয়েছেন তারুণ্যের শক্তিকে। মূলত সাহসী ফুটবলই তাঁর দলের এগিয়ে যাওয়ার রসদ; যেখানে রোদ্রিগেস, লুইস দিয়াস, জেফারসন লার্মারা কার্যকর হয়ে উঠেছেন। তাঁর অধীনেই রোদ্রিগেস পেয়েছেন পুনর্জন্ম। এই অ্যাটাকিং মিডফিল্ডার এবারের আসরে আছেন দারুণ ছন্দে। একটি গোলের সঙ্গে ছয়টি অ্যাসিস্ট করে সেরা খেলোয়াড়ের দৌড়ে আছেন সবার ওপরে।২০০৬ বিশ্বকাপে আর্জেন্টিনার সহকারী কোচ ছিলেন লরেন্সো। আলবিসেলেস্তাদের সেই দলে তখন লিওনেল স্কালোনির সঙ্গে খেলেছিলেন লিওনেল মেসিও। দেড় যুগ আগে যাঁকে কোচিং করিয়েছেন লরেন্সো, এবার সেই স্কালোনির বিপক্ষেই হবে তাঁর কৌশলের পরীক্ষা। তাই এ যেন অন্য রকম এক লড়াই। এই লড়াইয়ের উত্তাপের সঙ্গে মিশে আছে আবেগও।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।