এই মাটির কাছে পরাজিত হতে চাই না

এক জনমে কত দেশ দেখেছি, সমুদ্র পেরিয়েছি, অচেনা আকাশের নিচে দাঁড়িয়ে অন্য শহরের আলোয় দেখেছি মানুষ কীভাবে স্বপ্ন বোনে। আমার নিকটজনেরা একে একে পাড়ি জমিয়েছে দূরদেশে-
কেউ তুষারের শহরে, কেউ নীল সমুদ্রের পারে, কেউবা এমন কোনো দেশে যেখানে ভবিষ্যৎ শব্দটি এখনও আশার বাণী শোনায়।

আমাকেও ডেকেছিল বিদেশের পথ, বারবার ডেকেছিল। সুযোগের হাতছানি ছিল, নিরাপদ জীবনের প্রতিশ্রুতি ছিল, ছিল স্বচ্ছ আকাশের নিচে একটু নিশ্চিন্তে বেঁচে থাকার প্রলোভন। তবু যাইনি। কী করে যাই বলো? এই মাটিতেই তো প্রথম কান্না শুনেছিলাম নিজের, এই মাটির ধুলো মেখেই শৈশবের দুপুরগুলো বড় হয়েছিল। এইখানেই আমার মায়ের আঁচল, এইখানেই বাবার কণ্ঠ, এইখানেই দাদা-দাদির গল্প,
নানা-নানির স্নেহমাখা বিকেল—আজ তাঁরা কেউ বেঁচে নেই।

তবু তাঁরা আছেন—এই মাটির নিচে, এই দেশেরই কোনো এক নীরব প্রান্তরে, কবরের অন্ধকারে শুয়ে আমার ফিরে আসার অপেক্ষায় যেন। তাই বিদেশের আলো যতই উজ্জ্বল হোক, আমার চোখে সবসময় একটি দেশের মাটির রঙ লেগে থাকত। ভাবতাম—দেশ তো শুধু মানচিত্র নয়, দেশ মানে শেকড়, দেশ মানে স্মৃতি, দেশ মানে প্রিয় মানুষের কবরের পাশে এক মুঠো মাটি হাতে নিয়ে নিঃশব্দে দাঁড়িয়ে থাকা। কিন্তু আজ—এই বয়সের সন্ধ্যায় এসে নিজেকেই বড় অচেনা লাগে।

কতদিন ধরে দেখছি— স্বপ্নের শরীরে যেন ছুরি চালানো হচ্ছে, নীতির কণ্ঠ রুদ্ধ হচ্ছে, সততার দরজায় তালা ঝুলছে। ক্ষমতার জন্য কত মুখ বদলে যায়, স্বার্থের কাছে কত বিবেক বিকিয়ে যায়, কত মিথ্যা সত্যের পোশাক পরে রাজপথে হেঁটে বেড়ায়! চারপাশে কেমন এক অদ্ভুত উৎসব—কপটতার উৎসব, অহংকারের উৎসব, হিংসার উৎসব, লোভ আর প্রতারণার উৎসব।

ভালো মানুষগুলো ধীরে ধীরে চুপ হয়ে যায়, ভদ্রতার কণ্ঠস্বর কোলাহলের নিচে চাপা পড়ে যায়। আর যারা পারে তারা চলে যায় দূরদেশে—নিজের সন্তানদের ভবিষ্যৎ বাঁচাতে, নিজের বিবেকটুকু বাঁচাতে, অথবা শুধু একটু স্বস্তিতে নিঃশ্বাস নিতে। কিন্তু আমি যাইনি। কারণ আমি ভেবেছিলাম—দেশ একদিন বদলাবে। ভেবেছিলাম, আমাদের পরের প্রজন্ম আরও সুন্দর একটি সকাল দেখবে। ভেবেছিলাম, যে মাটিতে এত রক্ত, এত কান্না, এত ভালোবাসা মিশে আছে, সে মাটি একদিন মানুষকে মানুষ হিসেবে বাঁচতে দেবে। সেই আশাতেই কেটে গেল একটা জীবন।

কিন্তু আজ পেছনে ফিরে দেখি—স্বপ্ন দেখার বয়সটুকুও কখন যেন পেরিয়ে গেছে। কত বসন্ত গেল, কত বর্ষা এলো, কত শরৎ চুপিচুপি আমার জানালার পাশে এসে চলে গেল—আর আমি শুধু অপেক্ষা করেছি। একটি সুন্দর দিনের জন্য। একটি স্বাভাবিক সকালের জন্য। একটি এমন দেশের জন্য যেখানে সৎ থাকা বোকামি বলে গণ্য হবে না, যেখানে ভদ্র মানুষ নিজের ভদ্রতার জন্য লজ্জিত হবে না।

আজ বড় জানতে ইচ্ছে করে—আমরা কি সত্যিই এগিয়েছি? নাকি শুধু সময় এগিয়েছে? শহর বড় হয়েছে, অট্টালিকায় ভরে উঠেছে চারপাশ, আলো বেড়েছে—কিন্তু মানুষের ভেতরের আলো কোথায় গেল? আমরা কি সামনে হাঁটছি, নাকি চকচকে এক আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই ভুল করে অগ্রগতি বলে ডাকছি? কখনও কখনও মনে হয়, পুরো জীবনটাই বুঝি একটি ভুল বিশ্বাসের কাছে বন্ধক রেখেছিলাম। পুরো বিশ্বের একটা বড় অংশ দেখেও কোথাও স্থির হইনি—ভেবেছিলাম দেশকে ছেড়ে কিভাবে থাকা যায়?

আজ দেশেই আছি—তবু মনে হয় দেশটা যেন আমার কাছে কোথায় হারিয়ে গেছে। কী অদ্ভুত পরিহাস! যে মাটিকে আঁকড়ে ধরে সারা জীবন থেকে গেলাম, আজ সেই মাটিতেই দাঁড়িয়ে নিজেকেই প্রশ্ন করি—আমি কি ভুল করেছিলাম? এতকিছুর পরও উত্তর আসে না। শুধু দূরে কোথাও মা-বাবার কবরের পাশে যেন বাতাস নড়ে ওঠে। মনে হয় মা বুঝি বলছেন—“তুই তো যেতে চাসনি, বাবা…তুই তো এই মাটিকেই ভালোবেসেছিলি।” আমি কিছু বলতে পারি না। শুধু মাথা নিচু করে এক মুঠো মাটি তুলে নিই হাতে। কেননা, এই মাটিতে আমার শৈশব আছে, আমার বাবা-মা আছে, আমার হারানো স্বপ্ন আছে, আমার সমস্ত ভালোবাসা আছে। তাই দেশকে ঘৃণা করতে পারি না। শুধু এখন ক্লান্ত বোধ করি। খুবই ক্লান্ত। এতটাই ক্লান্ত যে এখন আর স্বপ্ন দেখি না।

তবু কোথাও, খুব গভীরে, ধুলোয় ঢাকা একটি ক্ষীণ প্রদীপ এখনও নিভে যায়নি। হয়তো সেটিই দেশ। হয়তো সেটিই মানুষ। হয়তো সেটিই আমার শেষ বিশ্বাস একদিন এই মাটির বুকেও সততার জন্য জায়গা হবে, মানুষ আবার মানুষকে মানুষ বলে ডাকবে, আর কোনো সন্তানকে নিজের জন্মভূমি ছেড়ে নিরাপদ ভবিষ্যতের খোঁজে অচেনা আকাশের নিচে ঘর বানাতে হবে না। সেদিন হয়তো আমি থাকব না। তবু—আমার কবরের ওপর দিয়ে যদি কোনোদিন একটি শিশুর হাসি ভেসে যায়, তাহলেও মনে হবে—আমি পুরোপুরি ভুল ছিলাম না। কারণ মানুষ মরে যায়, স্বপ্ন মরে যায়, কিন্তু মাটির কাছে রেখে যাওয়া ভালোবাসা—কখনও কি মরতে পারে?

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।