নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
রাজশাহী ইউনিভার্সিটি এ্যালামনাই এ্যাসোসিয়েশন (রুয়া)-২০২৫ সালের নির্বাচনকে ঘিরে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) এক বিবৃতিতে সম্মানিত জীবনসদস্যরা এই অবৈধ নির্বাচনে অংশগ্রহণ না করার আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, গত ১১ মে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি উত্থাপন করা হয়। উত্থাপিত দাবিগুলোর মধ্যে একটি ছিল— সম্মানিত ভিসি কর্তৃক একতরফাভাবে গঠিত রুয়া’র এড-হক কমিটি ও নির্বাচন কমিশন বাতিল করা; গত ৭ ফেব্রুয়ারির এজিএম থেকে গঠিত এড-হক কমিটি পুনরুজ্জীবিত করা; সকল স্টেকহোল্ডারদের সাথে আলোচনা করে নির্বাচন কমিশন গঠন করা; নির্বাচনী তফসিল পুনরায় ঘোষণা করা এবং ভোটার তালিকায় অসঙ্গতিসূমহ দূর করা।
তবে, কর্তৃপক্ষ এসব ন্যায্য দাবি উপেক্ষা করে, একটি রাজনৈতিক গোষ্ঠীকে প্রতিষ্ঠা করার অশুভ উদ্দেশ্যে নির্বাচন তফসিল ঘোষণা করেছেন বলে অভিযোগ করেছেন আন্দোলনকারী জীবন সদস্যরা। এর প্রতিবাদে, আন্দোলনকারীরা আজ এক বিবৃতিতে এই অবৈধ নির্বাচনে অংশগ্রহণ না করার আহ্বান জানিয়েছেন।
আহ্বানকারীরা হলেন, মো. আইয়ুব আলী খান, জীবন সদস্য (২১৩), কে এম আরিফুজ্জামান (১৫১৭), সিরাজুমমুনীর (৩১৫), শামীম রেজা খান (২৫৫), অধ্যক্ষ বাহাউদ্দিন বাহার (২২০), রাগীব আহসান মুন্না (সাবেক ভিপি, ৪৪০), জহিরুল ইসলাম বাবু (৫০৫), ফিরোজা বুলবুল কলি (৮৯৬) ও ওয়াহিদা হুসনাইন সুরভী (৩৪৫)।
এসময় বলেন, ‘আমরা এই প্রহসনের নির্বাচন প্রত্যাখ্যান করছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ঐতিহ্য এবং সম্মানিত জীবনসদস্যদের অধিকার ও মর্যাদা রক্ষার্থে এই নির্বাচন বাতিলের জোর দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে নির্বাচনের প্রক্রিয়া বাতিল করার দাবি জানান তারা।
খবরওয়ালা/আরডি