একদিন না যেতেই উঠে যাচ্ছে নতুন রাস্তার পিচ!

দিনাজপুরের হিলিতে নির্মাণের মাত্র একদিন না পেরোতেই নতুন রাস্তার পিচ উঠে যাওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, গ্রামীণ শহরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নিম্নমানের সামগ্রী ব্যবহার করেছে।

ঠিকাদারি প্রতিষ্ঠান অবশ্য দাবি করেছে, কার্পেটিংয়ের সময় বৃষ্টির কারণে এই সমস্যা দেখা দিয়েছে। হাকিমপুর উপজেলা প্রকৌশলী জানান, সড়কের কাজে অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সরেজমিনে উপজেলার বোয়ালদার ইউনিয়নের লোহাচড়া ও সরঞ্জাগাড়ি গ্রামের নির্মাণাধীন সড়ক পরিদর্শন করলে দেখা যায়, কার্পেটিংয়ের জায়গায় জায়গায় ফাটল ধরে পিচ উঠে গেছে।

জানা গেছে, খট্টামাধবপাড়া ইউনিয়নের হিলি-বিরামপুর সড়কের লোহাচড়া মোড় থেকে গ্রামের ভেতর পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়ক মেরামতের জন্য উপজেলা প্রকৌশল অধিদপ্তর টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে। ২৪ লাখ ৯৫ হাজার টাকার কাজটি পায় দিনাজপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান মতিন এন্টারপ্রাইজ।

গত বৃহস্পতিবার সড়ক কার্পেটিংয়ের কাজ শেষ করা হলেও একদিনের মধ্যেই সড়কের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে।

সরঞ্জাগাড়ি গ্রামের রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘এগুলো সব নিম্নমানের কাজ। নিয়ম অনুযায়ী কাজ করা হয়নি। দুই-তিন দিনের মধ্যেই কার্পেটিং উঠে যাচ্ছে। আমাদের কষ্টের টাকার প্রকল্প যদি এভাবে নষ্ট হয়, তাহলে উন্নয়নের সুফল মানুষ পাবে কীভাবে।’

মোবারক নামের একজন স্থানীয় বলেন, ‘রাস্তায় যখন কাজ চলছিলো তখন বৃষ্টি হচ্ছিলো। আমরা বলছিলাম বৃষ্টির পরে কাজ করার জন্য, কিন্তু ঠিকাদারি লোকজন আমাদের কথা শোনেননি।’

ঠিকাদার প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আব্দুল মতিন বলেন, ‘রাস্তার কাজটি যখন চলছিল তখন হঠাৎ বৃষ্টির কারণে কিছুটা সমস্যা হয়েছে।’

হাকিমপুর উপজেলা প্রকৌশলী এন্তাজুর রহমান জানান, ‘৪০-৫০ মিটার সড়কে এ সমস্যা হয়েছে। সড়কের কিছু জায়গায় বৃষ্টির কারণে ফাটল দেখা দিয়েছে। তা ঠিকাদারকে ঠিক করে দিতে হবে। না করলে বিল দেয়া হবে না।’

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।